নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিন উত্থানের পর আজ (১৬ জুন) শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে। গত তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। তবে আজ এই সূচক প্রায় ৩৫ পয়েন্ট কমেছে, যা বাজারবিশ্লেষকরা স্বাভাবিক হিসেবে অভিহিত করেছেন। আজ শুধু সূচকই নয়, টাকার অঙ্কে লেনদেনও কমেছে এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর পতন হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী উভয় প্রবণতাই স্বাভাবিক। একটানা বৃদ্ধি বা পতন—কোনোটিই বাজারের জন্য কাম্য নয়। বর্তমানে বাজার পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক ও স্থিতিশীল। ভবিষ্যতে আরও স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন তারা। এ কারণে ভালো শেয়ারে বিনিয়োগে ঝুঁকি কম বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি। তারা আশ্বস্ত করেছেন, বাজারে মাঝে মাঝে সূচক কমলেও আগের মতো ধস নামবে না।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৫.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস ৫.৩৮ পয়েন্ট কমে ১ হাজার ১২৮.৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৮৩ পয়েন্ট কমে ২ হাজার ১১০.৩১ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৯টির শেয়ারদর বেড়েছে, ২৪০টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ প্রায় ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এই পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৬০ কোটি ১ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল সিএসইতে লেনদেন হয়েছিল ৪২ কোটি ৪৬ লাখ টাকার।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩.৮২ পয়েন্ট কমে ১৫ হাজার ২৭১.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল এই সূচক ১৬৪.৫১ পয়েন্ট বেড়েছিল।
Posted ২:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.