নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | 49 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১২ মে, ২০২৬) বিকেল ৪টায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ১৯৯তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সভায় কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজনের সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, আগামী ৩০ আগস্ট রোববার দুপুর ১২টায় অনলাইনের মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন ২০২৬।
কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।
অন্যদিকে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সায়, যা ২০২৪ সালে ছিল ১৪ টাকা ৯ পয়সা। তবে শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) কমে হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ১ টাকা ৫৫ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, বিইএফটিএন পদ্ধতিতে অনলাইনে লভ্যাংশ বিতরণের জন্য শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ব্যাংক হিসাব ও রাউটিং নম্বর হালনাগাদ রাখতে হবে। পাশাপাশি ১২ অঙ্কের ই-টিআইএন নম্বর, ঠিকানা ও মোবাইল নম্বর সংশ্লিষ্ট ডিপির মাধ্যমে রেকর্ড ডেটের আগেই আপডেট করার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া শেয়ারহোল্ডারদের ইমেইল ঠিকানা সংশ্লিষ্ট ডিপির মাধ্যমে হালনাগাদ করতে বলা হয়েছে। কোম্পানির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনের সফট কপি শেয়ারহোল্ডারদের ইমেইলে পাঠানোর পাশাপাশি কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, রেকর্ড ডেট অনুসারে মার্জিন হোল্ডারসহ শেয়ারহোল্ডারদের নাম, ই-টিআইএন, টেলিফোন নম্বর ও ইমেইল ঠিকানা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কোম্পানির কর্পোরেট অফিস অথবা নির্ধারিত ইমেইলে পাঠাতে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।
Posted ৯:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.