নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | 41 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফায় কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স। কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৮ লাখ ৪ হাজার টাকা, যেখানে ২০২৫ সালের একই সময়ে মুনাফা ছিল ২ কোটি ১৭ লাখ ৭৬ হাজার টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৫ পয়সা।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানির মোট আয় হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৬ কোটি ৪৮ লাখ ৪ হাজার টাকা। অন্যদিকে নেট দাবি, কমিশন ও ব্যবস্থাপনা ব্যয়সহ মোট ব্যয় বেড়ে যাওয়ায় আন্ডাররাইটিং মুনাফা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার টাকায়, যা এক বছর আগে ছিল ৩ কোটি ৩৮ লাখ ৮১ হাজার টাকা।
প্রথম প্রান্তিকে কোম্পানির কর-পূর্ব মুনাফা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৩ কোটি ৫৮ লাখ ৫৪ হাজার টাকা। তবে কর ব্যয় বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত নিট মুনাফায় চাপ তৈরি হয়েছে।
৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৭ পয়সা, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ২৫ টাকা ৪৫ পয়সা। একই সময়ে মোট শেয়ারহোল্ডার ইকুইটি বেড়ে ১১১ কোটি ২২ লাখ টাকায় উন্নীত হয়েছে।
তবে কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহে নেতিবাচক ধারা দেখা গেছে। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১১ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ইতিবাচক ৩১ পয়সা।
আর্থিক অবস্থার চিত্রে আরও দেখা যায়, ২০২৬ সালের মার্চ শেষে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৩ কোটি ৪৬ লাখ টাকায়, যা ২০২৫ সালের ডিসেম্বর শেষে ছিল ২৬৯ কোটি ৯৯ লাখ টাকা। নগদ ও ব্যাংক স্থিতি বেড়ে ১০২ কোটি ৬২ লাখ টাকায় উন্নীত হয়েছে।
Posted ৭:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.