নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: কমোডিটি ডেরিভেটিভস লেনদেন বিষয়ে দেশের প্রথম বাংলা দিকনির্দেশনামূলক বই প্রকাশ করেছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। ‘কমোডিটি ডেরিভেটিভস ইনসাইটস’ শীর্ষক এই বইটি কমোডিটি বাজারে জ্ঞানগত ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএসই জানায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় সিএসই পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিএসই চেয়ারম্যান বলেন, বইটি পাঠকদের একটি সুসংগঠিত কমোডিটি মার্কেটের অংশগ্রহণকারীদের সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে সহায়তা করবে। এতে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফিউচার্স কন্ট্রাক্ট লেনদেনের প্রক্রিয়া সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।
তিনি আরও জানান, বইটিতে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট ও স্পট মার্কেটের সম্পর্ক ও পার্থক্য, ক্লিয়ারিং কর্পোরেশনের (সিসিপি) ভূমিকা, মূল্যঝুঁকি ব্যবস্থাপনা, হেজিং সংস্কৃতি ও সামষ্টিক অর্থনীতিতে হেজিংয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
এ ছাড়া কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিং সম্পর্কিত নানা প্রশ্নোত্তর ও অভিধানধর্মী পরিভাষাও সংযোজন করা হয়েছে। সিএসই মনে করে, এ প্রকাশনা সম্ভাব্য বাজার অংশগ্রহণকারী ও সাধারণ পাঠকদের কমোডিটি এক্সচেঞ্জবিষয়ক জ্ঞানের ঘাটতি দূর করতে সহায়ক হবে এবং লেনদেন প্রক্রিয়ায় আগ্রহ বাড়াবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিএসইর কমোডিটি এক্সচেঞ্জে প্রাথমিক পর্যায়ে যেসব প্রধান কমোডিটি লেনদেনযোগ্য হবে, তাদের পরিচিতির পাশাপাশি দেশের কমোডিটি বাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনাও বইটিতে তুলে ধরা হয়েছে।
Posted ৭:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.