নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে আজ (০৬ সেপ্টেম্বর) লেনদেন শুরু হয়েছে পতনের মধ্য দিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে। পাশাপাশি দর কমেছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজকের এই দরপতন ছিল অপ্রত্যাশিত। বাজার সংশ্লিষ্টদের মতে, সূচক কিছুটা কমতে পারে, কিন্তু এত বড় পরিমাণে পতন মেনে নেওয়া কঠিন। এটিকে সাধারণ পতন না বলে ধস বলাই যুক্তিযুক্ত। গত মাসের মাঝামাঝি সময় থেকে টানা দরপতনে বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। মাঝে মাঝে সূচক বাড়লেও তা ইতিবাচক ছিল না। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও অন্যরা শুধু বাজার সংস্কার ও উন্নয়ন নিয়ে বড় বড় বক্তৃতা দিয়ে দায় সারছেন। কিন্তু বাজার স্থিতিশীল করতে বা এই অস্থিরতা কাটাতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না তারা, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে। ইতিমধ্যে বিনিয়োগকারীরা বিক্ষোভ ও মানববন্ধন করলেও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার অযোগ্যতাই প্রমাণিত হচ্ছে। তাদের উচিত বাজার স্থিতিশীল করতে দ্রুত পদক্ষেপ নেওয়া অথবা ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা। নিয়ন্ত্রক সংস্থার এই পরিস্থিতিতে কী করণীয়, তা তাদের ভেবে দেখা উচিত। বাজারে এমন অপ্রত্যাশিত ধারা অব্যাহত থাকলে সামনে বড় ধরনের ধস নেমে আসতে পারে, যা বিনিয়োগকারীদের আস্থা আরও ক্ষুণ্ণ করবে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩.৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস ২২.৬৪ পয়েন্ট কমে ১ হাজার ১১৫.৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৫৩ পয়েন্ট কমে ২ হাজার ১১৬.১৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৩৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
ডিএসইতে আজ প্রায় ৫৪৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭২০ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১৭৫ কোটি ৬৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন ছিল ১৫ কোটি ২৩ লাখ টাকা।
সিএসইতে আজ লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যদিও আগের দিন এটি বেড়েছিল ১৪.০৩ পয়েন্ট।
Posted ৩:০৪ পিএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.