নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | 10 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০২তম কমিশন সভায় ডাইরেক্ট লিস্টিং, জেড-ক্যাটাগরির কোম্পানির শেয়ার হস্তান্তর, বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রেরণ এবং ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্য চালু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১ সেপ্টেম্বর ২০২৬ কমিশন চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে বিএসইসি সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
ডাইরেক্ট লিস্টিং বিধিমালার খসড়া অনুমোদন:
সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। জনমত যাচাইয়ের জন্য এটি পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রস্তাবিত বিধিমালায় আইপিও ছাড়াই শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ার অফলোডের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির সুযোগ তৈরি হবে। এ সুবিধা পাবে—সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি, পরিশোধিত মূলধনের ১০ শতাংশ সরকারি মালিকানাধীন কোম্পানি এবং বিদেশি শেয়ারহোল্ডারদের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন কোম্পানি।
এ ছাড়া বিটিআরসি-অনুমোদিত টেলিযোগাযোগ ও আইসিটি খাতের ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি, কমপক্ষে ৫ বছর কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি এবং ৫০০ কোটি টাকা বার্ষিক টার্নওভার বা মোট সম্পদসম্পন্ন কোম্পানিও নির্ধারিত শর্ত পূরণে ডাইরেক্ট লিস্টিং করতে পারবে।
জেড-ক্যাটাগরির শেয়ার হস্তান্তর সহজীকরণ:
২০২৪ সালের ২০ মে জারি করা কমিশনের ডাইরেক্টিভ সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিধানে ‘জেড-ক্যাটাগরি কোম্পানি’র স্পনসর বা পরিচালকের শেয়ার লেনদেন বা হস্তান্তরের জন্য—বিশেষত ঋণখেলাপির কারণে শেয়ার বাজেয়াপ্ত এবং শেয়ারহোল্ডারের মৃত্যুজনিত ট্রান্সমিশনের ক্ষেত্রে—কমিশনের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলো লিস্টিং রেগুলেশন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রেরণ:
সভায় সিদ্ধান্ত হয়েছে, বিদেশি শেয়ারহোল্ডারদের ঘোষিত লভ্যাংশ প্রেরণে এনবিআর থেকে ডিটিএ সনদ পাওয়ার ৩০ দিনের মধ্যে এবং সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যেই লভ্যাংশ প্রেরণ করতে হবে। স্থানীয় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ শেষে প্রিলিমিনারি ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে হবে। বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রেরণের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স রিপোর্ট কমিশন ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করতে হবে।
ডেরিভেটিভস পণ্য চালুর কর্মপরিকল্পনা অনুমোদন:
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাখিল করা ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্য চালুর কর্মপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। এতে নিয়ন্ত্রক উদ্যোগ, সিস্টেম উন্নয়ন, অবকাঠামো তৈরি, ক্লিয়ারিং-সেটেলমেন্ট ও ঝুঁকি ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। কমিশন নিয়মিত ডিএসইর কার্যক্রম মনিটর করবে। প্রাথমিক পণ্য হিসেবে ইনডেক্স ফিউচার দিয়ে লেনদেন শুরু হবে এবং ২০২৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক লেনদেন শুরুর আশা করা হচ্ছে।
Posted ৬:০৫ পিএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.