ব্রেকিং >>
ব্রেকিং >>

বিএসইসিতে নতুন কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন হোসেন সাদাত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট

বিএসইসিতে নতুন কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন হোসেন সাদাত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগের শর্তানুযায়ী নতুন কমিশনারকে তার অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান সব কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। এ ছাড়া তাঁর বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসমূহ সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Responsive Ad Banner

হোসেন সাদাতের যোগদানের মাধ্যমে বিএসইসির পরিচালনা কোরাম পূর্ণ হলো। উল্লেখ্য, কমিশনের আইনি কোরাম একজন চেয়ারম্যান ও চারজন কমিশনারের সমন্বয়ে গঠিত।

জানা গেছে, হোসেন সাদাত এফসিএস বর্তমানে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, করপোরেট সেক্রেটারিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-এর বোর্ড বা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

টেলিযোগাযোগ, তেল ও গ্যাস এবং নিরীক্ষা ও নিরীক্ষা-নিশ্চয়তা (অডিট ও অ্যাশিউরেন্স) খাতে প্রায় তিন দশকের সমৃদ্ধ কর্মজীবন রয়েছে তাঁর। কর্মপর্যায়ে তিনি গ্রামীণফোন, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি এবং কেপিএমজি রহমান রহমান হক-এ জ্যেষ্ঠ নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক কৌশল, টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট যোগাযোগে তাঁর গভীর জ্ঞান ও দক্ষতা রয়েছে।

হোসেন সাদাত একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি (এফসিএস)। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের লন্ডন বিজনেস স্কুল থেকে নির্বাহী পর্যায়ের ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ (এক্সিকিউটিভ এডুকেশন) সম্পন্ন করেছেন।

Facebook Comments Box

Posted ৩:১০ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com