নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০২২তম কমিশন সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি কর্তৃক মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা শেষে কমিশন জানায়, ডিএসই ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’-এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ না করেই মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের পক্ষে ইতিবাচক (পজিটিভ) সুপারিশ করেছে।
ডিএসইর রেগুলেটরি ব্যর্থতা
কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের সুপারিশ সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী এবং এটি ডিএসইর রেগুলেটরি দায়িত্ব পালনে সুস্পষ্ট ব্যর্থতার পরিচায়ক।
পরে এ বিষয়ে কমিশন ডিএসইর কাছে ব্যাখ্যা তলব করলে, ডিএসই নির্ধারিত ফরম ‘ছ’ পূরণসহ প্রয়োজনীয় তথ্য কমিশনে পাঠালেও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের পক্ষে অথবা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট রেগুলেটরি সুপারিশ দেয়নি।
কমিশনের সিদ্ধান্ত
এ পরিস্থিতিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ডিএসই কেন বিধিমালা অনুযায়ী নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে একটি স্পষ্ট রেগুলেটরি সুপারিশ দিতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
একইসঙ্গে, ব্যাখ্যা তলবের পত্র পাওয়ার পর ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে বিধিমালার আলোকে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও রেগুলেটরি মূল্যায়ন সংযুক্ত করে মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে একটি সুনির্দিষ্ট সুপারিশ কমিশনের কাছে পাঠাতে ডিএসইকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিএসইসির এই উদ্যোগ স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি দায়িত্ব সম্পর্কে স্পষ্ট বার্তা দিচ্ছে। ডিএসইকে তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে এবং বিধি-বিধান মেনে সঠিক সুপারিশ নিশ্চিত করতে হবে। কমিশনের তরফে সময়সীমা বেঁধে দেওয়া বিষয়টি প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে সহায়ক হবে বলে মনে করছেন তারা।
Posted ৪:২৭ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.