নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ মে ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধন বৃদ্ধি ও লভ্যাংশ ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর করতে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থাটি বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি কর্তৃক পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ক্ষেত্রে যৌথভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা আর মূলধন বৃদ্ধির ক্ষেত্রে বাধা হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ, কোনো প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা যদি কোনো তালিকাভুক্ত কোম্পানির বোর্ড পুনর্গঠন করে এবং ওই পুনর্গঠিত বোর্ডের সম্মিলিত শেয়ার ধারণ ৩০ শতাংশের নিচে নেমে যায়, তাহলে তা রাইট শেয়ার বা বোনাস শেয়ার ইস্যুর প্রতিবন্ধকতা হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নোটিফিকেশন জারির সিদ্ধান্তও নিয়েছে কমিশন।
এছাড়া, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ব্যাংকগুলোকে নিজেদের ব্যাংকেই লভ্যাংশ (ডিভিডেন্ড) অ্যাকাউন্ট সংরক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়েও নির্দেশনা জারি করবে বিএসইসি।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে গত মঙ্গলবার (১২ মে) কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১৩তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
পাশাপাশি, পুঁজিবাজারভিত্তিক স্বচ্ছ, নির্ভরযোগ্য ও গবেষণাধর্মী সাংবাদিকতা উৎসাহিত করতে ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৬’-এর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গত বছরের ধারাবাহিকতায় এবারও এই আয়োজন করা হবে।
বিএসইসির মতে, এই উদ্যোগ পুঁজিবাজার সাংবাদিকতায় দায়িত্বশীলতা, নৈতিকতা ও সততাকে উৎসাহিত করবে, যা দেশের পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনীতির গতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে। ফেলোশিপ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা বৈশ্বিক আর্থিক বাজার সম্পর্কে জ্ঞান অর্জন, বিশ্লেষণী দক্ষতা উন্নয়ন এবং নৈতিক সাংবাদিকতার মানদণ্ড শক্তিশালী করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ ২০২৫’-এর আয়োজন করা হয়। সেখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়া—এই তিন ক্যাটাগরিতে মোট নয়জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছিল।
Posted ৭:১০ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.