ব্রেকিং >>
ব্রেকিং >>

লভ্যাংশ বিতরণে স্বচ্ছতা বাড়াতে বিএসইসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

লভ্যাংশ বিতরণে স্বচ্ছতা বাড়াতে বিএসইসির নতুন নির্দেশনা
Responsive Ad Banner

 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশি বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণের সময়সীমা এবং প্রক্রিয়ায় নতুন বিধান চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তির (ডিটিএ) সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের প্রাপ্য ডিভিডেন্ড পরিশোধ করতে হবে। তবে যৌক্তিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্ভব না হলে সংশ্লিষ্ট কোম্পানিকে বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হবে না।

Responsive Ad Banner

সম্প্রতি এ বিষয়ে জারি করা নির্দেশনায় স্বাক্ষর করেছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন নির্দেশনার বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, আগের বিধান অনুযায়ী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে বার্ষিক লভ্যাংশ এবং রেকর্ড তারিখের পরবর্তী ৩০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিতরণ করতে হতো।

কিন্তু বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধের ক্ষেত্রে এনবিআর থেকে ডিটিএ সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। এই সনদ পেতে অনেক সময় দুই থেকে তিন মাস পর্যন্ত লেগে যায়। ফলে কোম্পানিগুলোর সদিচ্ছা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধ করা সম্ভব হতো না।

তিনি আরও জানান, নতুন নির্দেশনার ফলে বিদেশি শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে ডিটিএ সনদ পাওয়ার পর লভ্যাংশ পরিশোধের জন্য অতিরিক্ত ৩০ দিন সময় পাওয়া যাবে। এতে কোম্পানিগুলোর জন্য নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালন সহজ হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও প্রয়োজনীয় সনদ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের প্রাপ্য লভ্যাংশ বুঝে পাবেন।

নতুন সিদ্ধান্ত কার্যকর করতে ২০২১ সালের ১৪ জানুয়ারি এবং ২০২৪ সালের ২০ মে জারি করা বিএসইসির আগের দুটি নির্দেশনায় সংশোধনী আনা হয়েছে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণে ব্যর্থতা এবং অনিবার্য কারণে বিলম্বের বিষয়টি বিবেচনায় নিয়ে আগের নির্দেশনার ১ নম্বর ধারার (ই) উপধারায় পরিবর্তন করা হয়েছে।

এদিকে, লভ্যাংশ বিতরণসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করেছে বিএসইসি। আগের নিয়ম অনুযায়ী, লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে কমিশন এবং দুই স্টক এক্সচেঞ্জে প্রাথমিক পরিপালন প্রতিবেদন জমা দিতে হতো। নতুন নির্দেশনায়ও এই বাধ্যবাধকতা বহাল রাখা হয়েছে।

তবে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণের বিষয়ে পৃথক প্রতিবেদন জমা দেওয়ার নতুন শর্ত যুক্ত করা হয়েছে। এ বিধান অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বিএসইসি এবং দেশের দুই স্টক এক্সচেঞ্জে আলাদা প্রতিবেদন জমা দিতে হবে।

শুধু নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জে প্রতিবেদন জমা দিলেই চলবে না। লভ্যাংশ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিকে তাদের নিজস্ব ওয়েবসাইটেও ওই প্রতিবেদন প্রকাশ করতে হবে।

বিএসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০-এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সংশোধনী নির্দেশনা জারি করেছে।

নতুন বিধানের ফলে বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে সনদ সংগ্রহজনিত বিলম্বের কারণে কোম্পানিগুলোর ওপর তৈরি হওয়া চাপ কমবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি পৃথক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সহায়ক হবে।

 

Facebook Comments Box

Posted ৯:১১ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com