ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগ সম্প্রসারণে এডিবির সহযোগিতার আগ্রহ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগ সম্প্রসারণে এডিবির সহযোগিতার আগ্রহ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়ন, আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ সহযোগিতার মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী করা, বেসরকারি খাতে বিনিয়োগের পরিসর বাড়ানো এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কার্যক্রম সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে এ আগ্রহের কথা জানানো হয়। এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান তাকেও কোইকে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

Responsive Ad Banner

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা এবং ম্যানিলাভিত্তিক বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এডিবির মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র সৃষ্টি।

ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়ানো, ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো এবং বেসরকারি খাতকে কেন্দ্র করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশের একটি শক্তিশালী ও বহুমুখী শেয়ারবাজার গড়ে তোলা প্রয়োজন। এমন প্রেক্ষাপটেই দেশের পুঁজিবাজারের উন্নয়নে এডিবি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান দেশের শেয়ারবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বর্তমান কমিশনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। একই সঙ্গে বেসরকারি খাতের বিকাশে সহায়তা এবং নতুন নতুন বিনিয়োগের সুযোগ তৈরির জন্য শেয়ারবাজারকে আরও গতিশীল ও কার্যকর করে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

অন্যদিকে, এডিবির প্রতিনিধিদল বাংলাদেশের শেয়ারবাজারের অগ্রগতিতে সহযোগী হিসেবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করে। এ সময় পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করা, বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বমূলক (পিপিপি) উদ্যোগগুলোকে আরও কার্যকর করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

এ ছাড়া দেশের ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ সহায়তা ও অর্থায়নের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে শেয়ারবাজারের ভূমিকা কীভাবে আরও বিস্তৃত করা যায়, সে বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে এডিবির সঙ্গে যেকোনো ধরনের যৌথ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বিএসইসি। একই সঙ্গে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে উভয় পক্ষ।

Facebook Comments Box

Posted ১০:২৭ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com