ঋণের এক-তৃতীয়াংশই খেলাপি, ঋণাত্মক মূলধনে পুরো ব্যাংক খাত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

ঋণের এক-তৃতীয়াংশই খেলাপি, ঋণাত্মক মূলধনে পুরো ব্যাংক খাত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতের আর্থিক দুরবস্থা ক্রমেই প্রকট হচ্ছে। বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৩ টাকাই এখন খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায় হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। বিপুল অঙ্কের খেলাপি ঋণের বিপরীতে সম্ভাব্য ক্ষতি মোকাবিলার মতো পর্যাপ্ত মূলধনও ব্যাংকগুলোর হাতে নেই। উল্টো পুরো ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত নেমে এসেছে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে। একই সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণে ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা।

শনিবার রাজধানীর শ্যামলীতে ‘নলেজ হাব ইনস্টিটিউট’ আয়োজিত এক অনুষ্ঠানে ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রতিবেদনটির বিভিন্ন তথ্য ও পর্যবেক্ষণ তুলে ধরেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত।

Responsive Ad Banner

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। এই বিপুল পরিমাণ অনাদায়ী ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে ব্যাংকগুলো। ফলে প্রভিশন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকায়। অন্যদিকে বিভিন্ন আদালতের ৮৪৫টি মামলায় স্থগিতাদেশ থাকায় ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকার ঋণ আদায় আটকে রয়েছে।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে সন্দেহজনক ও মন্দ ঋণে রূপ নিয়েছে। এসব ঋণ থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাঁর মতে, মোট খেলাপি ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায় নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, এই ৩৩ শতাংশ খেলাপি ঋণের মধ্যে ১০ শতাংশের কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অনিয়ম ও অপরাধের বিষয় জড়িত। এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে শক্ত ভূমিকা রাখতে হবে।’

ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের চিত্র

গবেষণা প্রতিবেদনে ব্যাংকের মালিকানা ও পরিচালন কাঠামো অনুযায়ী খেলাপি ঋণের যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তাতে খাতটির সংকটের ভিন্ন ভিন্ন মাত্রা স্পষ্ট হয়েছে।

পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক: সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলো। এ ধরনের ব্যাংকে খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৫৮ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। একই সময়ে এসব ব্যাংকের আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ। পাশাপাশি ঋণ ও আমানতের অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক: সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোতেও খেলাপি ঋণের হার উদ্বেগজনক। এসব ব্যাংকের মোট ঋণের ৪৩ দশমিক ২ শতাংশই খেলাপি।

বেসরকারি ব্যাংক: বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬ শতাংশে।

বিদেশি ব্যাংক: অন্য ব্যাংকগুলোর তুলনায় বিদেশি ব্যাংকের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। এসব ব্যাংকে খেলাপি ঋণের হার মাত্র ৬ দশমিক ৫ শতাংশ।

আমানত বাড়লেও বেসরকারি ঋণে গতি নেই

ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও বেসরকারি খাতে ঋণ বিতরণের গতি বাড়ছে না। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত আগস্টে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। বিপরীতে একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধি আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।

এদিকে, গত সেপ্টেম্বর মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত আগস্টে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে বিপুল পরিমাণ অতিরিক্ত তারল্য থাকা সত্ত্বেও এর সুফল পাচ্ছে না দুর্বল ব্যাংকগুলো। বরং এসব ব্যাংকের তারল্য সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে।

সংকট উত্তরণে নলেজ হাবের তিন সুপারিশ

ব্যাংক খাতের বর্তমান সংকট মোকাবিলা এবং আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তিনটি সুপারিশ করেছে নলেজ হাব।

প্রথমত, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর ঋণের প্রকৃত অবস্থা যাচাই করতে স্বাধীন পর্যালোচনা বা ইন্ডিপেন্ডেন্ট রিভিউ সম্পন্ন করতে হবে।

দ্বিতীয়ত, ২০২৭ সালের মার্চের মধ্যে প্রতিটি ব্যাংকের জন্য পৃথকভাবে মূলধন পুনরুদ্ধার অথবা প্রয়োজনীয় রেজল্যুশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

তৃতীয়ত, ব্যাংক খাতের অনিয়ম ও অপরাধ বন্ধে শুধু ব্যাংকগুলোর ওপর দায়িত্ব না দিয়ে নিয়ন্ত্রক সংস্থা ও সরকারকে সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে।

প্রতিবেদনের সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে, খেলাপি ঋণের উচ্চ হার, বিপুল প্রভিশন ঘাটতি, মূলধন সংকট এবং দুর্বল ব্যাংকগুলোর তারল্য সমস্যার কারণে দেশের ব্যাংক খাত একাধিক আর্থিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে নলেজ হাব।

Facebook Comments Box

Posted ১১:৫৪ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com