দরপতনের গতি কমলেও বাজার নিয়ে দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | 73 বার পঠিত | প্রিন্ট

দরপতনের গতি কমলেও বাজার নিয়ে দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের পর শেয়ারবাজার এখন ধীরগতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে। গত সপ্তাহ থেকেই দরপতনের তীব্রতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে আগামীতে বাজারের পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ অবস্থায় বিনিয়োগকারীরা বাজার পর্যবেক্ষণের পাশাপাশি সতর্কতার সঙ্গে লেনদেন চালিয়ে যাচ্ছেন। বারবার লোকসানের মুখে পড়তে তাঁরা আর আগ্রহী নন। এ কারণেই আজকের বাজারে সূচক ও টাকার অঙ্কে লেনদেন বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাঁদের মতে, একটি স্থিতিশীল বাজার পরবর্তীতে ধারাবাহিক পতনে তলানিতে পৌঁছানোর ফলে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আস্থাসংকট ও আতঙ্ক তৈরি হয়েছে। এটি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবেই। তবে নিয়ন্ত্রক সংস্থা যথাযথভাবে বাজার মনিটরিং করতে পারলে এবং বাজার কারসাজিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারলে বিনিয়োগকারীদের আতঙ্ক দূর হয়ে আস্থা ফিরে আসবে। এতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লে বাজার আবারও চাঙ্গা হয়ে উঠবে।

Responsive Ad Banner

এদিকে, আজ (১৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৪৬০.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪.৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৮.১০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩৩টির দর বেড়েছে, ২১০টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৬৯৯ কোটি ১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪০ কোটি ২২ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮৩টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০.৭০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬০২.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ৩৫.৫৭ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:৩৬ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com