নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক অর্থায়ন নিশ্চিত করা এবং শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের উপযোগী করে গড়ে তুলতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের (ডব্লিউডিআই) সহযোগিতায় যৌথভাবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে ‘Investment Readiness Workshop for Midcap Enterprises in Bangladesh’ শীর্ষক কর্মশালাটির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান। এতে বিএসইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও দেশের বিভিন্ন খাতের ২৪টি এসএমই ও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সব মিলিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীর সংখ্যা ৪০ জন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের এসএমই খাতের সম্প্রসারণে প্রধান বাধা দুটি। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় মূলধনের সংকট এবং আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনার দুর্বলতা। ব্যাংকিং খাতে ঋণ অনুমোদনের ক্ষেত্রে এখনো ব্যবসার সম্ভাবনা ও কার্যক্রমের চেয়ে জামানতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এ কারণে অনেক সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, অনেক উদ্যোক্তা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করলেও প্রকৃত মুনাফা, লোকসান এবং সামগ্রিক আর্থিক অবস্থার বিষয়ে যথাযথ ধারণা রাখেন না। একটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ ঝুঁকি এবং ব্যবসার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব মূল্যায়নের জন্য উদ্যোক্তাদের মৌলিক আর্থিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।
মাসুদ খান আরও বলেন, ব্যাংকঋণের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য শেয়ারবাজার হতে পারে মূলধন সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ বিকল্প মাধ্যম। দেশের এসএমই ও মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে স্বাগত জানায় বিএসইসি। তবে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করতে হলে প্রতিষ্ঠানগুলোর সুসংগঠিত ব্যবসায়িক পরিকল্পনা, পর্যাপ্ত আর্থিক সক্ষমতা এবং টেকসই ব্যবসায়িক সম্ভাবনা থাকতে হবে।
তিনি উল্লেখ করেন, বিনিয়োগকারীরা তাঁদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন। তাই বিনিয়োগের বিপরীতে তাঁদের উপযুক্ত রিটার্ন নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন চেয়ে আবেদন করলে বিএসইসি তার ব্যবসায়িক পরিকল্পনা, সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য মুনাফা বা রিটার্ন তৈরির সক্ষমতা বিস্তারিতভাবে যাচাই করবে। এ সময় উদ্যোক্তাদের স্বচ্ছ উদ্দেশ্য, শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার মানসিকতা নিয়ে পুঁজিবাজারে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসইসির কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম।
কর্মশালায় প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের (ডব্লিউডিআই) সিনিয়র ডিরেক্টর (ইমপ্যাক্ট ইনভেস্টিং) গগনদীপ সিং বক্সী (Gagandeep Singh Bakshi)।
দুই দিনের এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ব্যবসার জন্য মূলধন সংগ্রহ এবং বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতির বিভিন্ন বাস্তবভিত্তিক বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। কর্মশালার প্রথম দিনে বিনিয়োগ প্রস্তুতির মৌলিক ধারণা, নিজস্ব ব্যবসার সক্ষমতা ও অবস্থান মূল্যায়ন, আর্থিক পরিকল্পনা প্রণয়ন, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং কার্যকর পিচ ডেক (Pitch Deck) তৈরির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে।
অন্যদিকে, দ্বিতীয় দিনে ব্যবসার মূল্যায়ন (Business Valuation), ডিউ ডিলিজেন্সের প্রস্তুতি, টার্ম শিট, শেয়ারহোল্ডার চুক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন কেস স্টাডি নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।
আগামী ১৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হবে। ওই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেবেন বিএসইসির কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম। একই সঙ্গে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করবেন।
Posted ১০:০২ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.