নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: টানা দরপতন কাটিয়ে অবশেষে উত্থানের মুখ দেখেছে দেশের শেয়ারবাজার। আজ (২১ এপ্রিল) মঙ্গলবার সূচক বেড়ে যাওয়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে, একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
বাজার সংশ্লিষ্টদের ভাষ্যমতে, তিন দেশের যুদ্ধ-পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি প্রতিকূলতার মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে শেয়ারবাজারেও, যা গত কয়েকদিন টানা পতনের আকারে ধরা দিয়েছিল। তবে বিনিয়োগকারীদের আস্থা থাকায় তারা আতঙ্কিত হয়ে পড়েননি; বরং লেনদেন চালিয়ে যান। ফলশ্রুতিতে টানা পতনের সময়েও বাজার ধসে যায়নি এবং আজ ইতিবাচক প্রবণতা ফিরেছে।
বাজার পর্যালোচনায় দেখা যাচ্ছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৭.৪১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২.৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪.১৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের পরিসংখ্যান বলছে, ডিএসইতে আজ মোট ৩৮৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৯২৯ কোটি ২৮ লাখ টাকা, যা গত কার্যদিবসের তুলনায় প্রায় ১০৪ কোটি ৫২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮২৪ কোটি ৭৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ৩৩ কোটি ২৯ লাখ টাকা। আগের দিন এই পরিমাণ ছিল ৩৪ কোটি ১৫ লাখ টাকা।
সিএসইতে মোট ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দর বেড়েছে, ৭৮টির দর কমেছে এবং ২৮টির অপরিবর্তিত রয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৭৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩০.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে আগের দিন সূচকটি ২৭.৭৬ পয়েন্ট কমেছিল।
Posted ২:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.