নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | 4 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইলস লিমিটেড ইস্টার্ন ব্যাংক পিএলসির কাছে থাকা দায় পরিশোধে নতুন এক ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২০ এপ্রিল ২০২৬ তারিখের বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি সম্পর্কিত পক্ষ লার্ক টেক্সটাইলস লিমিটেড থেকে ৯ কোটি ৫০ লাখ টাকা ঋণ নেবে। এই ঋণের সুদের হার শূন্য শতাংশ এবং মেয়াদ হবে ১০ বছর। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সমান ১০টি বার্ষিক কিস্তিতে এই ঋণ পরিশোধ করবে প্রতিষ্ঠানটি।
নতুন ঋণের মূল লক্ষ্য ইস্টার্ন ব্যাংক পিএলসির বিদ্যমান ঋণ পরিশোধ করা। তবে প্রস্তাবটি বাস্তবায়নে কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে, যা বিশেষ সাধারণ সভা (ইজিএম) অথবা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নেওয়া হবে।
কোম্পানি সূত্রে জানা গেছে, এই ব্যবস্থায় আর্থিক সুবিধা আসবে বেশ কিছু। যেমন— মোট ঋণের প্রায় ১০ শতাংশের সমপরিমাণ ০.৩৩ মিলিয়ন মার্কিন ডলার মওকুফের সুবিধা মিলবে। এ ছাড়া ০.৭৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ ডাউন পেমেন্ট হিসেবে ব্যবহার করে ইস্টার্ন ব্যাংকের শ্রেণীকৃত ঋণ পুনঃতফসিল করা হয়েছে।
সুদমুক্ত এই ঋণ বর্তমান উচ্চ ব্যাংক সুদের তুলনায় কোম্পানির সুদ ব্যাপকভাবে কমাবে। আগামী দিনে এতে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে যাওয়ার ইতিবাচক সম্ভাবনাও দেখছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.