ব্রেকিং >>
ব্রেকিং >>

ইক্যুইটি ৫০ শতাংশের নিচে নামলেই নোটিশ ছাড়াই শেয়ার বিক্রি করতে পারবে মার্জিন অর্থায়নকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬ | 68 বার পঠিত | প্রিন্ট

ইক্যুইটি ৫০ শতাংশের নিচে নামলেই নোটিশ ছাড়াই শেয়ার বিক্রি করতে পারবে মার্জিন অর্থায়নকারীরা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে মার্জিন ঋণ (মার্জিন ফাইন্যান্সিং) কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ, ঝুঁকিনিয়ন্ত্রিত ও বিনিয়োগকারী সুরক্ষাবান্ধব করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর ব্যাপক সংশোধনের প্রস্তাব করেছে। সংশোধনীতে মার্জিন অর্থায়নের সংজ্ঞা, যোগ্য প্রতিষ্ঠান, গ্রাহকের ন্যূনতম বিনিয়োগ, মার্জিনের সীমা, ঝুঁকি ব্যবস্থাপনা, মার্জিন কল, বাধ্যতামূলক শেয়ার বিক্রি, মার্জিনযোগ্য শেয়ার নির্বাচন, একক শেয়ারে বিনিয়োগসীমাসহ প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন বিধান যুক্ত বা সংশোধন করা হয়েছে।

ইক্যুইটি ৫০ শতাংশের নিচে নামলেই বাধ্যতামূলক বিক্রি
সংশোধনের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান অনুযায়ী, কোনো বিনিয়োগকারীর ইক্যুইটি মার্জিন ঋণের ৫০ শতাংশের নিচে নেমে গেলে তাকে কোনো ধরনের নোটিশ না দিয়েই প্রয়োজনীয় শেয়ার বিক্রি করতে পারবে মার্জিন অর্থায়নকারী প্রতিষ্ঠান। তবে বিক্রির আদেশ দেওয়ার পরও যদি বাজার পরিস্থিতির কারণে তাৎক্ষণিক বিক্রি সম্ভব না হয় বা বিলম্ব হয়, সেক্ষেত্রে সৃষ্ট ক্ষতির দায় মার্জিন অর্থায়নকারীর ওপর বর্তাবে না।

Responsive Ad Banner

খসড়ার ওপর মতামত আহ্বান
খসড়ার ওপর অংশীজন ও সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ ও আপত্তি আগামী দুই সপ্তাহের মধ্যে কমিশনের কাছে জমা দিতে আহ্বান জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, প্রাপ্ত মতামত, পরামর্শ ও আপত্তিগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। প্রয়োজন অনুযায়ী সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিধিমালার চূড়ান্ত সংস্করণ প্রস্তুত করা হবে।

মার্জিন অর্থায়নের নতুন সংজ্ঞা
খসড়া অনুযায়ী, মার্জিন অর্থায়ন বলতে গ্রাহকের মার্জিন হিসাবে জমা করা মার্জিনের বিপরীতে সিকিউরিটি কেনার জন্য মার্জিন অর্থায়নকারী কর্তৃক প্রদত্ত অর্থ এবং এর ওপর অর্জিত সুদ বা মুনাফাকে বোঝানো হবে। শরিয়াহভিত্তিক মার্জিন অর্থায়নের ক্ষেত্রে ‘মুনাফা’ বলতে শরিয়াহসম্মত লাভকে বোঝানো হয়েছে।

কারা মার্জিন ঋণ দিতে পারবেন
খসড়া বিধান অনুযায়ী, কমিশনে নিবন্ধিত স্টক ব্রোকার, পোর্টফোলিও ম্যানেজার ও পূর্ণাঙ্গ সেবার মার্চেন্ট ব্যাংকার মার্জিন অর্থায়ন দিতে পারবে। তবে কোনো সম্পদ ব্যবস্থাপক (অ্যাসেট ম্যানেজার) যদি কেবল প্রতিষ্ঠানগত ফান্ড ব্যবস্থাপনা পরিচালনা করে, তাহলে তাকে মার্জিন অর্থায়নকারী হিসেবে গণ্য করা হবে না।

বিধিমালার অন্যান্য গুরুত্বপূর্ণ বিধান
ইক্যুইটির চেয়ে বেশি ঋণ নয়
কোনো অবস্থাতেই গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন দেওয়া যাবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ হবে। তালিকাভুক্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে এ অনুপাত হবে ১:০.২৫।

ন্যূনতম বিনিয়োগ ৩ লাখ টাকা
মার্জিন ঋণ পাওয়ার জন্য গ্রাহকের হিসাবে তালিকাভুক্ত সিকিউরিটিতে কমপক্ষে ৩ লাখ টাকার বিনিয়োগ থাকতে হবে।

মূলধনের পাঁচ গুণের বেশি ঋণ নয়
কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন (কোর ক্যাপিটাল) বা নিট সম্পদের (যেটি বেশি) পাঁচ গুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি বাধ্যতামূলক
প্রতিটি মার্জিন অর্থায়নকারীকে ন্যূনতম দুই সদস্যের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। কমিটিকে বছরে অন্তত চারটি সভা করতে হবে এবং সভার কার্যবিবরণী পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করতে হবে।

মেইনটেন্যান্স মার্জিন ৭০ শতাংশ
গ্রাহকের ইক্যুইটি সর্বদা মার্জিন অর্থায়নের কমপক্ষে ৭০ শতাংশ বজায় রাখতে হবে। কোনো কারণে ইক্যুইটি ৭০ শতাংশের নিচে নেমে গেলে প্রতিষ্ঠানকে সঙ্গে সঙ্গে গ্রাহককে মার্জিন কল দিতে হবে।

তিন কার্যদিবসের মধ্যে সমন্বয় না হলে নতুন ঋণ নয়
মার্জিন কল দেওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে গ্রাহক প্রয়োজনীয় মার্জিন জমা না দিলে বা ইক্যুইটি ৭০ শতাংশে উন্নীত করতে ব্যর্থ হলে তাকে নতুন করে মার্জিন অর্থায়ন দেওয়া যাবে না।

কোন শেয়ারে মার্জিন ঋণ দেওয়া যাবে
শুধু স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারে মার্জিন অর্থায়ন দেওয়া যাবে। তবে ‘জি’, ‘এন’ ও ‘জেড’ ক্যাটাগরির শেয়ার এবং এসএমই, এটিবি ও ওটিসি প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোনো সিকিউরিটিতে মার্জিন অর্থায়ন করা যাবে না।

পিই ও পিবি অনুপাতে কড়াকড়ি
কোনো কোম্পানির মূল্য আয় (পি/ই) অনুপাত ৩০-এর বেশি হলে অথবা কোম্পানির ইপিএস ঋণাত্মক হলে ওই শেয়ারে মার্জিন অর্থায়ন দেওয়া যাবে না। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পি/বি অনুপাত ৩-এর বেশি হলে এবং বিমা কোম্পানির ক্ষেত্রে ১-এর বেশি হলে মার্জিন অর্থায়ন দেওয়া যাবে না।

একক শেয়ারে সর্বোচ্চ ২০ শতাংশ
কোনো মার্জিন অর্থায়নকারী তার মোট মার্জিন অর্থায়নের ২০ শতাংশের বেশি কোনো একক সিকিউরিটিতে বিনিয়োগ করতে পারবে না। একইভাবে কোনো একক গ্রাহককে দেওয়া মার্জিন অর্থায়নেরও ২০ শতাংশের বেশি কোনো একটি শেয়ারে বিনিয়োগ করা যাবে না।

বিএসইসি আরও বলেছে, বর্তমানে প্রকাশিত নথিটি কেবল একটি খসড়া প্রস্তাবনা, এটি কোনো চূড়ান্ত সংশোধনী নয়। তাই খসড়া সংশোধনী নিয়ে অনুমাননির্ভর ব্যাখ্যা, অপপ্রচার বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত কিংবা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com