ব্রেকিং >>
ব্রেকিং >>

ঋণ অনিয়মের মাশুল দিচ্ছে ব্যাংক, তিন মাসে মূলধন ঘাটতি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

ঋণ অনিয়মের মাশুল দিচ্ছে ব্যাংক, তিন মাসে মূলধন ঘাটতি বেড়েছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে আর্থিক সংকট ক্রমেই গভীর হচ্ছে। বিপুল খেলাপি ঋণ, ঋণ বিতরণে অনিয়ম এবং বিতরণ করা অর্থ ফেরত না আসায় ব্যাংকগুলোর মূলধন ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। এরই মধ্যে গত জুন শেষে দেশের ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা। আগের তিন মাসের তুলনায় এই ঘাটতি আরও বেড়েছে। ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা কমে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ সরবরাহেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ শেষে দেশের ২১টি ব্যাংকের মোট মূলধন ঘাটতির পরিমাণ ছিল প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। তিন মাস পর জুন শেষে ঘাটতিতে থাকা ব্যাংকের সংখ্যা বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে। একই সঙ্গে সম্মিলিত ঘাটতির পরিমাণ বেড়ে হয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা। তবে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের অন্যান্য ব্যাংকের কোনো মূলধন ঘাটতি নেই।

Responsive Ad Banner

এদিকে গত সেপ্টেম্বর মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে মাত্র ৪ দশমিক ১৭ শতাংশে নেমেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। টানা সাত মাস ধরে এ খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে অবস্থান করছে। ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সামর্থ্য হ্রাস এবং নতুন বিনিয়োগে উদ্যোক্তাদের অনীহা—এই দুই কারণে পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনিয়মের ঋণ এখন ব্যাংকের গলার কাঁটা

ব্যাংকারদের ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিতরণ করা বিপুল পরিমাণ ঋণ এখন খেলাপিতে পরিণত হয়েছে। এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে অতিরিক্ত প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হচ্ছে। এতে একদিকে ব্যাংকের মুনাফা কমছে, অন্যদিকে কোনো কোনো ব্যাংক লোকসানের মুখে পড়ছে। এর ফলে মূলধন ভিত্তি আরও দুর্বল হচ্ছে এবং নতুন করে ঋণ বিতরণের সক্ষমতা কমে আসছে।

সম্প্রতি দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংকিং খাতের একাংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া এবং ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের কারণে অনেক ঋণই আদায়-অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকের মালিকানা ও ঋণ বিতরণে প্রভাব বিস্তারকারী বেশ কয়েকজন ব্যবসায়ী এবং শিল্পগোষ্ঠীর মালিক বর্তমানে কারাগারে রয়েছেন অথবা দেশ ছেড়ে চলে গেছেন। এসব ঘটনার প্রভাবে দেশের ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপিতে পরিণত হয়েছে।

দ্য ইকোনমিস্টের তুলনামূলক বিশ্লেষণে আরও বলা হয়েছে, খেলাপি ঋণের অনুপাত বিবেচনায় বাংলাদেশের ব্যাংকিং খাত প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক বেশি দুর্বল অবস্থানে রয়েছে। দেশ দুটির মধ্যে ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। বিপরীতে বাংলাদেশের ব্যাংকিং খাতের মূলধন-ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত বা সিআরএআর ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে গেছে।

ব্যাংকের দুর্বলতা ও বিনিয়োগ স্থবিরতায় কমছে ঋণ প্রবৃদ্ধি

ব্যাংকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থার পাশাপাশি নতুন বিনিয়োগের চাহিদা হ্রাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাঁদের মতে, উচ্চ সুদহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ভ্যাট ও করসংক্রান্ত নানা জটিলতার কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ কিংবা ব্যবসা সম্প্রসারণে আগ্রহ পাচ্ছেন না। নির্বাচন-পরবর্তী সময়েও ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে প্রত্যাশিত গতি ফেরেনি। অনেক উদ্যোক্তা আগামী এক বছরেও নতুন করে ব্যবসা সম্প্রসারণের কোনো পরিকল্পনা করছেন না।

এর সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধি এবং নতুন করে জ্বালানি সংকট তৈরির আশঙ্কা বিনিয়োগকারীদের আস্থায় আরও নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে একদিকে আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলো প্রয়োজনীয় ঋণ দিতে পারছে না, অন্যদিকে ব্যবসায়ীরাও নতুন ঋণ গ্রহণে আগ্রহী হচ্ছেন না। এই দুই ধরনের চাপের কারণে বেসরকারি খাতে অর্থায়নের পরিমাণ সংকুচিত হচ্ছে।

মূলধন ঘাটতিতে সবচেয়ে এগিয়ে ইসলামী ব্যাংকগুলো

ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মূলধন ঘাটতির সবচেয়ে বড় অংশ রয়েছে ইসলামী ব্যাংকগুলোর দখলে। গত জুন শেষে সাতটি ইসলামী ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা। এর মধ্যে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ ৬৬ হাজার ১২৬ কোটি টাকা।

ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। বর্তমানে ব্যাংকটি একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ব্যাংকারদের দেওয়া তথ্য অনুযায়ী, এস আলমের নিয়ন্ত্রণে থাকা সাতটি ব্যাংকই বর্তমানে মূলধন সংকটে রয়েছে।

এ ছাড়া উল্লেখযোগ্য মূলধন ঘাটতির তালিকায় রয়েছে আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এর মধ্যে আইএফআইসি ব্যাংক আগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে ছিল। প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবালের সংশ্লিষ্টতা ছিল। অন্যদিকে ইউসিবি আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণে পরিচালিত হতো।

চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন ঘাটতি ৩৮ হাজার কোটি টাকা

দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি গত জুন শেষে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এসব ব্যাংকের মধ্যে জনতা ব্যাংকের ঘাটতি সর্বোচ্চ ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। এ ছাড়া অগ্রণী ব্যাংকের ৮ হাজার ৭৮২ কোটি, রূপালী ব্যাংকের ৫ হাজার ২৩১ কোটি এবং বেসিক ব্যাংকের ৪ হাজার ৬৯০ কোটি টাকা মূলধন ঘাটতি রয়েছে।

অন্যদিকে দেশের আটটি বেসরকারি ব্যাংকের মোট মূলধন ঘাটতির পরিমাণ ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ১৭ হাজার ৪৭৪ কোটি টাকা, এবি ব্যাংকের ৮ হাজার ৯১২ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকের ৭ হাজার ১৯৯ কোটি টাকা, পদ্মা ব্যাংকের ৬ হাজার ৬১৮ কোটি টাকা এবং প্রিমিয়ার ব্যাংকের ৬ হাজার ৭৮ কোটি টাকা।

বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে রয়েছে। ব্যাংকটির ঘাটতির পরিমাণ ৩০ হাজার ৪৬১ কোটি টাকা। এ ছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতি ২ হাজার ৯৫৭ কোটি টাকা। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ৪ কোটি টাকা মূলধন ঘাটতি রয়েছে।

ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক ৩.৮০ শতাংশ

দেশের ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতিও আরও অবনতির দিকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতের মূলধন-ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত বা সিআরএআর কমে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। গত মার্চ শেষে এই অনুপাত ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, প্রতিটি ব্যাংকের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ মূলধন পর্যাপ্ততার হার বজায় রাখা বাধ্যতামূলক। কিন্তু দেশের পুরো ব্যাংকিং খাতের এই অনুপাত ঋণাত্মক পর্যায়ে নেমে আসায় ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি ও ঋণ বিতরণের সক্ষমতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com