নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: কোর ব্যাংকিং সফটওয়্যারের পাওনা পরিশোধ না করায় আন্তর্জাতিক সালিশি আদালতে মামলার মুখে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক। আগে থেকেই তারল্য সংকটে থাকা ব্যাংকটির জন্য এই ঘটনা নতুন করে জটিলতা তৈরি করেছে। গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবাটি ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্যাংকটির ২০ লাখের বেশি গ্রাহকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে টাকা জমা ও উত্তোলন, এটিএম, কার্ড এবং অনলাইন ব্যাংকিং সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (এসআইএসি) নথি থেকে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে ব্যবহৃত ‘টেমেনোস’ কোর ব্যাংকিং সফটওয়্যারের সরবরাহকারী সিঙ্গাপুরের এফডিএস গ্লোবাল প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের বি জি ইন্টারঅ্যাকটিভ লিমিটেড যৌথভাবে এ মামলা দায়ের করেছে। মামলায় ন্যাশনাল ব্যাংক পিএলসির পাশাপাশি সফটওয়্যারটির সুইজারল্যান্ডভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান টেমেনোস হেডকোয়ার্টার্স এসএ-কেও বিবাদী করা হয়েছে।
সালিশি আদালতের নথি অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে সম্পাদিত চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে গত ৩০ অক্টোবর সালিশি নোটিশ দাখিল করা হয়। এ-সংক্রান্ত মামলা দুটির নম্বর এআরবি ৫১৬/২৬/এমএনএইচ এবং এআরবি ৫১৭/২৬/এমএনএইচ। এর পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর এসআইএসি সচিবালয় বিবাদীদের ১৪ দিনের মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফটওয়্যারটির লাইসেন্স ফি, বার্ষিক রক্ষণাবেক্ষণ ব্যয় এবং অন্যান্য সেবার জন্য ২০১৯ সালে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ন্যাশনাল ব্যাংক। চুক্তি অনুসারে নির্ধারিত অর্থ নিয়মিত পরিশোধ করার কথা থাকলেও ২০২৪ সাল থেকে রক্ষণাবেক্ষণ ফি ও সংশ্লিষ্ট অন্যান্য পাওনা বকেয়া রয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান একাধিকবার তাগাদা দিলেও ব্যাংকের পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
ব্যাংকিং খাতসংশ্লিষ্টদের ভাষ্য, একটি ব্যাংকের প্রায় সব ধরনের দৈনন্দিন লেনদেন ও পরিচালন কার্যক্রম কোর ব্যাংকিং সফটওয়্যারের ওপর নির্ভর করে। গ্রাহকের হিসাব সংরক্ষণ, অর্থ জমা ও উত্তোলন, বিভিন্ন শাখার মধ্যে লেনদেন, এটিএম পরিচালনা, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, অনলাইন ব্যাংকিং এবং আন্তঃব্যাংক অর্থ স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজ এই সফটওয়্যারের মাধ্যমেই সম্পন্ন হয়।
তাদের মতে, এ সফটওয়্যারের কার্যক্রম সীমিত হয়ে পড়লে কিংবা সেবা বন্ধ হয়ে গেলে কোনো একটি শাখার মধ্যে সমস্যা সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো ব্যাংকের লেনদেন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা দেখা দিতে পারে। ডিজিটাল ব্যাংকিং, হিসাব ব্যবস্থাপনা ও অর্থ স্থানান্তর কার্যক্রমে বিঘ্ন ঘটলে আগে থেকেই তারল্য সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের ভোগান্তি আরও বাড়তে পারে।
সফটওয়্যার নিয়ে আন্তর্জাতিক আইনি বিরোধের বিষয়টি সামনে আসার পর ব্যাংকটির গ্রাহকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তারল্য সংকটের কারণে প্রয়োজনের সময় আমানতের টাকা উত্তোলন করা নিয়ে এমনিতেই অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যে কোর ব্যাংকিং সফটওয়্যারের কার্যক্রমে কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে আরও ভোগান্তিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা।
সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হলেও ব্যাংকটির আর্থিক সংকট পুরোপুরি কাটেনি। আমানতকারীদের পাওনা পরিশোধের উদ্যোগের অংশ হিসেবে হাইকোর্টের নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার পদক্ষেপ নেয়।
তবে বিপুল অঙ্কের তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ চলার মধ্যেই ব্যাংকের অপরিহার্য কোর ব্যাংকিং সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ফি দীর্ঘদিন ধরে বকেয়া থাকার বিষয়টি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ব্যাংকের প্রতিদিনের কার্যক্রম সচল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবার বিল কেন এত দিন পরিশোধ করা হয়নি, তা নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
সব মিলিয়ে তারল্য সংকটের পাশাপাশি সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিগত বিরোধ ন্যাশনাল ব্যাংকের জন্য নতুন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এ বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে কোর ব্যাংকিং সফটওয়্যারের সেবা অব্যাহত রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় ব্যাংকটির ২০ লাখের বেশি গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
Posted ৬:৪৯ পিএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.