নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া বেক্সিমকো লিমিটেডের ৩ হাজার কোটি টাকার গ্রিন সুকুক বন্ডের মেয়াদ বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটির মেয়াদপূর্তির সময় ঘনিয়ে আসায় বড় ধরনের খেলাপির ঝুঁকি এড়ানোর পাশাপাশি ২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আটকে থাকা ২ হাজার ৮০০ কোটি টাকার বেশি বিনিয়োগ ফেরত পাওয়ার অনিশ্চয়তা দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের গঠিত উচ্চপর্যায়ের একটি কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সুকুকটির ট্রাস্টি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বিএসইসির কাছে মেয়াদ বাড়ানোর একটি প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাবে বন্ডটির মেয়াদ আরও ছয় বছর বাড়িয়ে ২০৩২ সাল পর্যন্ত করার কথা বলা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিএসইসি মেয়াদ বৃদ্ধির শর্তগুলো উল্লেখ করে আইসিবিকে সংশোধিত প্রস্তাব জমা দিতে বলেছে। সংশোধিত প্রস্তাব পর্যালোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালে দেশের বেসরকারি খাতের প্রথম সম্পদভিত্তিক (অ্যাসেট-ব্যাকড) ইসলামি বন্ড হিসেবে বেক্সিমকোর এই সুকুক ইস্যু করা হয়। তিস্তা সোলার ও করতোয়া সোলার নামের দুটি সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের উদ্দেশ্যে বন্ডটি বাজারে ছাড়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর মূল উদ্যোক্তা প্রতিষ্ঠান বেক্সিমকো বড় ধরনের সংকটে পড়ে। এতে সুকুকটির ঋণ পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এটি খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়েছে। আসন্ন মেয়াদপূর্তিকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়তে থাকায় বিষয়টির ইতিবাচক ও নেতিবাচক দিক পর্যালোচনায় আইসিবি এবং বেক্সিমকোর সঙ্গে বৈঠক করেছে বিএসইসি।
বৈঠকে আইসিবি সুকুকটির বর্তমান বকেয়া দায়, সিংকিং ফান্ডের পরিমাণ এবং পরিচালনাগত বিভিন্ন জটিলতার বিষয় তুলে ধরে। প্রতিষ্ঠানটির মতে, বন্ডটির মেয়াদ বাড়ানো হলে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ কমবে। একই সঙ্গে সুকুকটি শ্রেণিকৃত (ক্লাসিফায়েড) বিনিয়োগে পরিণত হওয়ার ঝুঁকিও এড়ানো সম্ভব হবে। পাশাপাশি বিদ্যমান ৯ শতাংশ কুপন হার আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে ট্রাস্টি প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, তীব্র তারল্য সংকট এবং মূল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পরিস্থিতি তুলে ধরে বেক্সিমকোও সুকুকের মেয়াদ বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে প্রতি মাসে ৫০ কোটি টাকা আয় করছে।
এ বিষয়ে বেক্সিমকো গ্রুপের এক কর্মকর্তা বলেন, তীব্র তারল্য সংকটের কারণে আগামী ডিসেম্বরে সুকুকের মেয়াদ শেষ হলে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করার মতো সক্ষমতা বেক্সিমকোর নেই। তবে একটি প্রকল্প সচল থাকায় সেখান থেকে নিয়মিত নগদ অর্থ আসছে। এ অবস্থায় কমিশন বন্ডটির মেয়াদ বাড়ানোর অনুমতি দিলে বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত পাবেন। তাঁর মতে, এ ধরনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের জন্যই লাভজনক হবে।
জমি বন্ধক রাখার নতুন ও কঠোর শর্ত
মেয়াদপূর্তিতে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে বেক্সিমকোর ব্যর্থতার কারণে সুকুকের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে নতুন কিছু কঠোর শর্ত আরোপের পরিকল্পনা করছে বিএসইসি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সম্পদভিত্তিক বন্ড হিসেবে বাজারজাত করা হলেও আইসিবির সঙ্গে সম্পাদিত ট্রাস্ট ডিডে প্রকল্পের জমি বন্ধক রাখার কোনো শর্ত ছিল না। উচ্চ নিবন্ধন ও হস্তান্তর ফি এড়াতে এতদিন জমিগুলো বন্ধক রাখা হয়নি। ফলে বিনিয়োগকারীদের অর্থের বিপরীতে সম্পদের নিশ্চয়তা যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি, যা তাদের বিনিয়োগ সুরক্ষাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
এ পরিস্থিতিতে এবার মেয়াদ বাড়ানোর আগে সৌরবিদ্যুৎ কেন্দ্রের জমি আনুষ্ঠানিকভাবে বন্ধক রাখার শর্ত দেওয়া হতে পারে। বিকল্প হিসেবে আইসিবির অনুকূলে আমমোক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
আইসিবির এক কর্মকর্তা জানান, বেক্সিমকোর বর্তমান আর্থিক ও ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএসইসি সুকুকের মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। আইনি জটিলতার কারণে বর্তমান পরিস্থিতিতে ট্রাস্টি প্রতিষ্ঠান চাইলেও সংশ্লিষ্ট সম্পদ বিক্রি করে বিনিয়োগকারীদের অর্থ আদায় করতে পারছে না। এ অবস্থায় বন্ডের মেয়াদ বাড়ানোই সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে। এতে একদিকে সুকুকটি খেলাপি হওয়া থেকে রক্ষা পাবে, অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় অঙ্কের প্রভিশন সংরক্ষণের চাপও কমবে।
৩ হাজার কোটি টাকার সুকুকের প্রেক্ষাপট ও বর্তমান সংকট
২০২১ সালে বেক্সিমকো লিমিটেড গ্রিন সুকুক ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো ২ হাজার ৪৩৯ কোটি টাকা বিনিয়োগ করে। অন্যদিকে, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন ৫৫৮ কোটি টাকা।
সংগৃহীত অর্থের মধ্যে তিস্তা সোলার প্ল্যান্টের জন্য ব্যয় করা হয় ২ হাজার ১৫৫ কোটি টাকা। করতোয়া সোলার প্রকল্পে বিনিয়োগ করা হয় ৩৯ কোটি টাকা। এছাড়া টেক্সটাইল খাতের সম্প্রসারণে ব্যয় করা হয় ৮০৬ কোটি টাকা।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেক্সিমকো গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক বিপর্যয়ের মুখে পড়ে। গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে গ্রুপটির প্রায় এক ডজন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান একাধিক মামলায় কারাগারে থাকায় প্রতিষ্ঠানটির আর্থিক সংকট আরও তীব্র হয়।
এর পাশাপাশি ২০২৪ সালের আগস্টে সৃষ্ট অস্থিরতার সময় ট্রান্সফরমার ও সাইট অফিস আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ৩০ মেগাওয়াট ক্ষমতার করতোয়া সৌরবিদ্যুৎ প্রকল্পটি এখনো চালু করা সম্ভব হয়নি। অন্যদিকে, গ্রুপটির মূল আয়ের উৎস টেক্সটাইল খাতের কার্যক্রম বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন ইউনিট ছাড়া কার্যত অন্য কোনো খাত থেকে নগদ অর্থপ্রবাহ আসছে না।
বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগ
সুকুক পুনর্গঠন ও মেয়াদ বাড়ানোর আলোচনার পাশাপাশি বেক্সিমকো গ্রুপের সচল প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রমের মধ্যে রাখতেও নিয়ন্ত্রক সংস্থাগুলো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
এরই মধ্যে বিএসইসি তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমতি দিয়েছে। একই সঙ্গে জব্দ থাকা সুবিধাভোগী মালিকানা বা বিও (বেনিফিশিয়ারি ওনার) হিসাবগুলো খুলে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক বিশেষ শর্তে শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজিকে ঋণপত্র বা এলসি খোলার অনুমতি দিয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে গ্রুপটির সচল প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখা এবং আর্থিক সংকট মোকাবিলার সুযোগ তৈরির চেষ্টা চলছে।
Posted ৬:৪৩ পিএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.