নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | 45 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ এবং শ্রমিক ছাঁটাই সংক্রান্ত একটি অনলাইন সংবাদ প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাখ্যা চাওয়ার জবাব দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২ আগস্ট ২০২৬ তারিখে ডিএসই অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত “চট্টগ্রামে এস আলমের সব কারখানা বন্ধ, শ্রমিক ছাঁটাই” শীর্ষক সংবাদের বিষয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চায়। এর পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট ২০২৬ তারিখে পাঠানো এক চিঠিতে এস আলম কোল্ড রোল্ড স্টিল ডিএসইকে বিভিন্ন তথ্য জানায়।
কোম্পানিটি জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণের বাইরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে তারা গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো পূর্ব নোটিশ ছাড়াই কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে ব্যাংকগুলোর মাধ্যমে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানির অধিকাংশ দক্ষ শ্রমিক চাকরি ছেড়ে চলে যাওয়ায় প্রতিষ্ঠানটি বর্তমানে রাসায়নিক, কাঁচামাল এবং দক্ষ জনবলের তীব্র সংকটে পড়েছে।
এসব কারণে কোম্পানির সামনে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে চলমান সমস্যাগুলো সমাধানের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এস আলম কোল্ড রোল্ড স্টিল, সমস্যাগুলোর সমাধান হয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হলে তারা দ্রুত উৎপাদন পুনরায় শুরু করতে সক্ষম হবে বলে আশা করছে। উৎপাদন কার্যক্রম চালুর বিষয়ে পরবর্তীতে ডিএসইকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।
তবে কোম্পানিটি সতর্ক করে বলেছে, স্বল্প সময়ের মধ্যে উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব না হলে এর ফলে কোম্পানির আর্থিক অবস্থার ওপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়তে পারে।
Posted ১১:৩৬ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.