ব্রেকিং >>
ব্রেকিং >>

বাজারে গতি ফিরলেও কমেছে বিনিয়োগকারীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট

বাজারে গতি ফিরলেও কমেছে বিনিয়োগকারীর সংখ্যা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত মিললেও সদ্য সমাপ্ত জুলাই মাসে বিনিয়োগকারীদের অংশগ্রহণে ভাটা পড়েছে। এ সময়ে স্থানীয়, বিদেশি ও প্রবাসী—সব ধরনের বিনিয়োগকারীর বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে। সব মিলিয়ে এক মাসে প্রায় ২৩ হাজার বিও হিসাব কমে গেছে।

বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব হলো শেয়ারবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে কোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে খোলা বিনিয়োগ হিসাব। বিনিয়োগকারীরা এই হিসাবের মাধ্যমেই শেয়ার কেনাবেচা করেন। বিও হিসাব ছাড়া পুঁজিবাজারে লেনদেন করা যায় না। এসব হিসাবের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

Responsive Ad Banner

সিডিবিএলের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৩৬৫টি। জুন মাস শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ৭৫ হাজার ২৫২টি। অর্থাৎ এক মাসে বিও হিসাব কমেছে ২২ হাজার ৮৮৭টি। এ সময়ে মোট ২৫ কার্যদিবস লেনদেন হয়েছে। সে হিসাবে প্রতিটি কার্যদিবসে গড়ে ৯১৫টি বিও হিসাব কমেছে।

একই সময়ে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে। বর্তমানে তাদের নামে বিও হিসাব রয়েছে ৪২ হাজার ৩টি, যা জুন শেষে ছিল ৪৩ হাজার ১৮৩টি। অর্থাৎ এক মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ১ হাজার ১৮০টি। এতে প্রতি কার্যদিবসে গড়ে ৪৭টি করে বিদেশি ও প্রবাসী বিও হিসাব কমেছে।

বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দীর্ঘদিন ধরেই নিম্নমুখী। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা ধারাবাহিকভাবে শেয়ারবাজার থেকে সরে যেতে শুরু করেন। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও সেই প্রবণতা অব্যাহত ছিল। মার্চে কিছুটা বৃদ্ধি পেলেও এপ্রিল মাসে আবার কমে যায়। মে মাসে সামান্য উন্নতি দেখা গেলেও জুলাই মাসে আবারও বিও হিসাব হ্রাস পেয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ২৯ অক্টোবর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫১২টি। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তা ৪৩ হাজার ১০১টিতে নেমে আসে। জুলাই মাসে আরও কমে বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৩টিতে। ফলে ২০২৩ সালের অক্টোবরের তুলনায় এখনো বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ১৩ হাজার ৫০৯টি কম রয়েছে।

স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যাও কমেছে

চলতি বছরের শুরু থেকে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব বাড়ার প্রবণতা দেখা গেলেও গত এক মাসে সেই ধারায় ছেদ পড়েছে। বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১৫ লাখ ৯২ হাজার ১৪৬টি। জুন শেষে এ সংখ্যা ছিল ১৬ লাখ ১৩ হাজার ৭২৪টি। ফলে এক মাসে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ২১ হাজার ৫৭৮টি।

তবে ২০২৫ সালের শেষের তুলনায় এখনো স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা বেশি রয়েছে। ২০২৫ সালের শেষে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৫ লাখ ৭৯ হাজার ২৩টি। সেই হিসাবে গত এক মাসে সাড়ে ২১ হাজার হিসাব কমলেও বর্তমানে ২০২৫ সালের শেষের তুলনায় ১৩ হাজার ১২৩টি বেশি বিও হিসাব রয়েছে।

সামগ্রিকভাবে ২০২৫ সালের তুলনায় বর্তমানে বিনিয়োগকারীর সংখ্যা বেশি থাকলেও ২০২৪ সালের শুরুর তুলনায় চিত্র ভিন্ন। ২০২৪ সালের শুরুতে মোট বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৩৬৫টিতে। অর্থাৎ ওই সময়ের তুলনায় এখনো বিও হিসাব কম রয়েছে ১ লাখ ২১ হাজার ১৮৬টি।

কমেছে নারী-পুরুষ উভয়ের বিও হিসাব

সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৪৫ হাজার ৫৬১টি। জুন শেষে এ সংখ্যা ছিল ১২ লাখ ৬২ হাজার ৭৮৯টি। অর্থাৎ এক মাসে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ১৭ হাজার ২২৮টি।

অন্যদিকে নারী বিনিয়োগকারীদের নামে বর্তমানে বিও হিসাব রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৮৮টি। জুন শেষে এ সংখ্যা ছিল ৩ লাখ ৯৪ হাজার ১১৮টি। ফলে এক মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৫ হাজার ৫৩০টি।

কোম্পানির বিও হিসাবেও পতন

শুধু ব্যক্তি বিনিয়োগকারী নয়, কোম্পানির নামেও বিও হিসাব কমেছে। বর্তমানে কোম্পানির নামে বিও হিসাব রয়েছে ১৮ হাজার ২১৬টি। জুন শেষে এ সংখ্যা ছিল ১৮ হাজার ৩৪৫টি। অর্থাৎ এক মাসে কোম্পানির বিও হিসাব কমেছে ১৯২টি।

বর্তমানে মোট বিও হিসাবের মধ্যে একক নামে রয়েছে ১২ লাখ ২৫৭টি, যা জুন শেষে ছিল ১২ লাখ ১৫ হাজার ২৮৫টি। অর্থাৎ এক মাসে একক নামে বিও হিসাব কমেছে ১৫ হাজার ২৮টি।

অন্যদিকে যৌথ নামে বর্তমানে বিও হিসাব রয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৮৯২টি। জুন শেষে এ সংখ্যা ছিল ৪ লাখ ৪১ হাজার ৬২২টি। ফলে এক মাসে যৌথ নামে বিও হিসাব কমেছে ৭ হাজার ৭৩০টি।

Facebook Comments Box

Posted ১১:০৬ এএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com