নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | 64 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রকাশিত একটি অনলাইন সংবাদের প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো ব্যাখ্যা চাওয়ার চিঠির জবাব দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন আর্থিক প্রতিষ্ঠান। কোম্পানিগুলো হলো— বিআইএফসি (BIFC), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স (PREMIERLEA) এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (FAREASTFIN)।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৫ জুন ‘পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত’ শিরোনামে একটি অনলাইন সংবাদ প্রকাশিত হলে এর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি পাঠায় ডিএসই। আজ (১৮ জুন) পৃথক চিঠির মাধ্যমে নিজেদের পক্ষে জবাব দিয়েছে কোম্পানিগুলো।
বিআইএফসি তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত প্রশাসক নিয়োগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আদেশ জারি বা প্রচার করেনি। ফলে ওই সংবাদে উল্লিখিত বিষয়ে তাদের কাছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো সরকারি নির্দেশনা বিদ্যমান নেই।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স জানিয়েছে, ডিএসইর চিঠির সঙ্গে সংযুক্ত বার্তার পক্ষে কোনো নিয়ন্ত্রক সংস্থা থেকে তাদের কাছে কোনো নথি, পরামর্শ বা নির্দেশনা আসেনি। প্রতিষ্ঠানটি আরও স্পষ্ট করেছে যে, আলোচিত সংবাদে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের নাম অবসায়নের (লিকুইডেশন) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
অপরদিকে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডও জানিয়েছে, সংবাদে উত্থাপিত বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠি, যোগাযোগ বা নির্দেশনা পায়নি।
ডিএসইর অনুসন্ধানের জবাবে তিন আর্থিক প্রতিষ্ঠানই মূলত একই সুরে জানিয়েছে যে, প্রশাসক নিয়োগের যে খবর প্রচার হয়েছে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা প্রমাণ পৌঁছেনি।
Posted ৪:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.