সূচক ও লেনদেন বাড়লেও সক্রিয় হচ্ছেন না বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট

সূচক ও লেনদেন বাড়লেও সক্রিয় হচ্ছেন না বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের ধারাবাহিক ঊর্ধ্বগতিতে শেয়ারবাজারের সূচক বেড়েছে প্রায় ৪৫ পয়েন্ট। একই সঙ্গে লেনদেন বেড়েছে প্রায় ৮৩ কোটি ৬০ লাখ টাকার। তবে সূচকের এই ইতিবাচক ধারার পরও বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি আস্থা ফিরে পাননি। বাজারসংশ্লিষ্টদের মতে, তারা লেনদেনে সক্রিয় হওয়ার চেয়ে বাজার পর্যবেক্ষণকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

তাদের ভাষ্য, দীর্ঘস্থায়ী দরপতনের কারণে সূচক ও লেনদেন প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল। এর মধ্যে বিনিয়োগকারীদের আগে কেনা শেয়ারগুলো লোকসানের মুখে পড়েছে। ফলে তারা শেয়ার বিক্রি না করে বাজার পর্যবেক্ষণ করছেন। যদি আগামী কয়েক দিন সূচক ও লেনদেন আরও গতিশীলভাবে বাড়তে থাকে, তাহলে তাঁরা আবারও পুরো উদ্যমে শেয়ার লেনদেনে অংশ নেবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তখন বাজার কিছুটা স্থিতিশীল হবে। এখন এই মুহূর্তে পতন ঠেকিয়ে বিনিয়োগকারীদের আস্থাশীল করা গেলেই কাঙ্ক্ষিত ফল মিলবে।

Responsive Ad Banner

এদিকে আজ (১৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫২.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭.৯৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৩.৮৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৬.৫০ পয়েন্টে পৌঁছেছে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৪০টির দর বেড়েছে, ৯০টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত থেকেছে।

ডিএসইতে এদিন প্রায় ৪৯৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪১৬ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৮৩ কোটি ৫৩ লাখ টাকা।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৯টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত থেকেছে ২০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৯৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭৬.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ১৭.৯৩ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৪:০৯ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com