নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের বিনিয়োগের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি ও ক্লিয়ারিং হাউসের পরিচালকেরা এখন থেকে শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন। তবে তাঁদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিস্তারিত তথ্য প্রতি তিন মাস পরপর কমিশনে জমা দিতে হবে।
গত ১২ অক্টোবর বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সই করা নির্দেশনার মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে গত ১ সেপ্টেম্বর জারি করা আগের নির্দেশনায় সংশোধন আনা হয়েছে। সংশোধিত আদেশে বিনিয়োগে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তিদের তালিকা থেকে ‘পরিচালক’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জসহ স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) পরিচালকদের শেয়ারবাজারে তাঁদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিবরণ কমিশনে দাখিল করতে হবে। প্রতি প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে এসব তথ্য বিএসইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে আগের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, সিসিবিএল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) কর্মকর্তা-কর্মচারীরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন না।
Posted ১:১০ এএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.