নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে সুস্থ, স্বচ্ছ ও স্থিতিশীল রাখতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, যথাযথ আর্থিক জ্ঞান ও সঠিক দিকনির্দেশনা পেলে তরুণরা দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে বাজারের নেতৃত্ব দিতে সক্ষম হবে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত আর্থিক শিক্ষাভিত্তিক শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কমিশনের অন্যান্য সদস্য, জুরিবোর্ডের সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, সময়মতো উপযুক্ত বিনিয়োগ শিক্ষা প্রদান করা গেলে তরুণদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, এই প্রতিযোগিতা শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ। এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু রেখে দেশের সর্বস্তরে আর্থিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে তিনটি পৃথক ক্যাটাগরিতে মোট ৯টি পুরস্কার এবং ১০টি উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ৬০ হাজার, ৪৫ হাজার ও ৩০ হাজার টাকা করে পুরস্কার লাভ করেন। উৎসাহ পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক দলকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়। পরে বিজয়ীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।
স্বাগত বক্তব্যে বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ বলেন, একটি শক্তিশালী ও টেকসই শেয়ারবাজার গড়ে তুলতে বিনিয়োগকারীদের জ্ঞান ও সচেতনতা অপরিহার্য। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা তাদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি বিনিয়োগ বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে।
জুরিবোর্ডের সদস্য ও দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বিন জুলফিকার এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভিডিওগুলো টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের আহ্বান জানান। একইভাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব কমিউনিকেশন্সের পরিচালক খায়রুল বাশার অংশগ্রহণকারীদের সৃজনশীল উপস্থাপনার প্রশংসা করেন এবং বলেন, তরুণদের এই উদ্যোগ আর্থিক শিক্ষার বিস্তারে সহায়ক ভূমিকা রাখছে।
‘সুস্থ শেয়ারবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’ বিভাগে প্রথম স্থান অর্জন করে হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের ‘নতুন বাংলাদেশ’ দল। দ্বিতীয় হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘লুজার’ এবং তৃতীয় স্থান পায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘জিএম স্টুডিওস’।
‘শেয়ারবাজারে ঝুঁকি’ বিভাগে প্রথম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম স্বপ্ন’, দ্বিতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সিনেমা আর্ট’ এবং তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ ফাইন্যান্স’।
‘সচেতনতা বৃদ্ধি’ বিভাগে প্রথম স্থান লাভ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘দ্য ব্লাইন্ড মেন’ দল। দ্বিতীয় হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘আকাতসুকি’ এবং তৃতীয় স্থান পায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘ইনফরমেশন স্করপিয়ন’।
এছাড়া ‘প্রগতি’, ‘স্টক সেনসেই’, ‘এআর স্টুডিও’, ‘টিম আদরবাদর’, ‘ফিনফ্লিক্স’, ‘টিম অর্থসূত্র’, ‘টিম ক্রাইসিস’, ‘টিম এলোমেলো’, ‘টিম ফিনলিট’ ও ‘টিম মুগ্ধ’—এই দশটি দল উৎসাহ পুরস্কার অর্জন করেছে।
Posted ১১:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.