বিএটি’র বিরুদ্ধে ৩ লাখ কোটি টাকার জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬ | 95 বার পঠিত | প্রিন্ট

বিএটি’র বিরুদ্ধে ৩ লাখ কোটি টাকার জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)-এর বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ কোটি টাকা) জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৫৫ বছরে সংঘটিত এই অনিয়মের অভিযোগ যাচাইয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দুদকের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি কমিশনের প্রধান কার্যালয় থেকে অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অভিযোগটির বিভিন্ন দিক যাচাই-বাছাই চলছে।

Responsive Ad Banner

এ প্রসঙ্গে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিযোগের প্রকৃত সত্যতা যাচাইয়ের লক্ষ্যে জয়েন্ট স্টক কোম্পানি ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এসব তথ্য পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, ১৯৪৭ সালে দেশভাগের পর ‘পাকিস্তান টোব্যাকো কোম্পানি’ (পিটিসি) করাচিতে যাত্রা শুরু করে। পরে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম ও ঢাকায় দুটি বৃহৎ কারখানা স্থাপন করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এসব সম্পদের মালিকানা সরকারের কাছে ফিরে আসার কথা থাকলেও অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও জালিয়াতির মাধ্যমে সেগুলো বহুজাতিক কোম্পানি বিএটির দখলে চলে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, তৎকালীন পিটিসির ফাইন্যান্স ম্যানেজার ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা জামালুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি সিন্ডিকেট এই জালিয়াতি প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়। এর ফলে গত পাঁচ দশকের বেশি সময়ে বাংলাদেশ ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২৩ পিএম | শনিবার, ২৩ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com