ব্রেকিং >>
ব্রেকিং >>

বীমাদাবি নিষ্পত্তিতে অনিয়ম ঠেকাতে আইডিআরএর কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট

বীমাদাবি নিষ্পত্তিতে অনিয়ম ঠেকাতে আইডিআরএর কঠোর নির্দেশনা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: মেয়াদপূর্তিসহ বিভিন্ন বীমাদাবির অর্থ পরিশোধ না করে গ্রাহকদের নতুন পলিসি নিতে বাধ্য করার অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এখন থেকে বীমাদাবি নিষ্পত্তিতে নির্ধারিত সময়ের বেশি বিলম্ব হলে সংশ্লিষ্ট জীবন বীমা কোম্পানি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নতুন পলিসি ইস্যু করতে পারবে না।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কয়েকটি জীবন বীমা কোম্পানির বিরুদ্ধে মেয়াদপূর্তির দাবি, মৃত্যুদাবি এবং পলিসি সমর্পণের বিপরীতে প্রাপ্য অর্থ দেওয়ার ক্ষেত্রে গ্রাহক বা মনোনীত ব্যক্তিকে একই কোম্পানির নতুন বীমা পলিসি কেনার শর্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে নতুন পলিসি নিতে বাধ্য করার পাশাপাশি পুরোনো পলিসির পাওনা থেকে নতুন পলিসির প্রিমিয়াম বাবদ অর্থ কেটে রেখে বাকি টাকা গ্রাহককে ফেরত দেওয়া হচ্ছে।

Responsive Ad Banner

আইডিআরএ জানিয়েছে, প্রচলিত আইন অনুযায়ী বীমাদাবির সম্পূর্ণ অর্থ ৯০ দিনের মধ্যে পরিশোধ করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকের পাওনা পরিশোধ না করে সেই অর্থ সমন্বয়ের মাধ্যমে নতুন পলিসি করানোর কোনো সুযোগ নেই।

নিয়ন্ত্রক সংস্থার মতে, বীমা কোম্পানিগুলোর এ ধরনের অনিয়ম গ্রাহকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। একই সঙ্গে এতে গ্রাহকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামগ্রিক বীমা খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ৯০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে কোনো বীমা কোম্পানি দাবি পরিশোধ করলে, অর্থ পরিশোধের তারিখ থেকে পরবর্তী ৩০ দিন ওই গ্রাহকের নামে নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না সংশ্লিষ্ট কোম্পানি।

অন্যদিকে, বীমাদাবির অর্থ পরিশোধে ১২০ দিন বা তার বেশি সময় লাগলে দাবি নিষ্পত্তির তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ বিধিনিষেধ শুধু যে কোম্পানি দাবি পরিশোধে বিলম্ব করেছে, সেই কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে এ সময়ের মধ্যে গ্রাহক চাইলে অন্য কোনো বীমা কোম্পানি থেকে নতুন পলিসি গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বীমাদাবির বিপরীতে প্রাপ্য অর্থ গ্রাহক অথবা মনোনীত ব্যক্তির ব্যাংক হিসাবে এককালীন জমা দিতে হবে। সরকারি রাজস্বসংক্রান্ত অর্থ ছাড়া অন্য কোনো খাতে ওই অর্থ থেকে টাকা কেটে রাখা কিংবা সমন্বয় করা যাবে না।

তবে নির্ধারিত ৯০ দিনের মধ্যেই বীমাদাবির সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট গ্রাহকের নামে নতুন পলিসি ইস্যুর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছে আইডিআরএ।

Facebook Comments Box

Posted ৯:৩৭ পিএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com