ব্রেকিং >>
ব্রেকিং >>

বিএসইসির সুপারিশে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা তুলে নিল সরকার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | 58 বার পঠিত | প্রিন্ট

বিএসইসির সুপারিশে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা তুলে নিল সরকার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ওপর দীর্ঘদিন ধরে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সরকারি, বেসরকারি মালিকানাধীন এবং বহুজাতিক কোম্পানিগুলোর সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সুযোগ তৈরি হলো।

সোমবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন/চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে।

Responsive Ad Banner

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরকারি, বেসরকারি মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানির স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি আরোপ করা নিষেধাজ্ঞা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যানের গত ১৯ আগস্টের ডিও পত্রের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের তৎকালীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নীতিশাখা থেকে জারি করা একটি স্মারকের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় ১৬ বছর পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সরকার।

সরাসরি তালিকাভুক্তি বা ডিরেক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে কোনো কোম্পানি প্রচলিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ার বাইরে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে। এর ফলে কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজারে আসা এবং সেখান থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়েছে, এ সুযোগের আওতায় সরকারি ও বেসরকারি মালিকানাধীন কোম্পানির পাশাপাশি বহুজাতিক কোম্পানিকেও রাখা হয়েছে। ফলে দেশে কার্যক্রম পরিচালনাকারী বড় ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পথ আরও সহজ ও উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরেই স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির সুযোগ পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, তালিকাভুক্তির সুযোগ বাড়ানো হলে পুঁজিবাজারে ভালো মৌলভিত্তির কোম্পানির সংখ্যা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগও আরও সম্প্রসারিত হবে।

তবে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে কোন কোম্পানি কী প্রক্রিয়ায় তালিকাভুক্ত হবে, শেয়ার বিক্রির পদ্ধতি, শেয়ারের মূল্য নির্ধারণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিএসইসির সংশ্লিষ্ট বিধিবিধানের মাধ্যমে নির্ধারণ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ২০১০ সালে একটি নির্দেশনার মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সোমবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, সরকারের এ সিদ্ধান্তের পর বিএসইসি প্রয়োজনীয় নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করে সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়া বাস্তবায়নের উদ্যোগ নিতে পারবে।

Facebook Comments Box

Posted ৮:১৬ পিএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com