নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড লস সমন্বয়ের জন্য আরও চার বছর সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, এ বিষয়ে আবেদনকারী প্রতিষ্ঠানগুলো ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে।
তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগে থেকেই সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের জন্য পূর্বনির্ধারিত সময়ই কার্যকর থাকবে। এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) একটি আদেশ জারি করেছে বিএসইসি।
কমিশনের আদেশে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের পরিমাণ বিবেচনায় নিয়ে ২০২৭ সাল থেকে প্রতি অর্থ বছরের শেষে কমপক্ষে ২৫ শতাংশ হারে এসব ঘাটতি সমন্বয় করতে হবে।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর পর নতুন করে কোনো নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লস সৃষ্টি হলে তার বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। ওই তারিখে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত নতুন কোনো নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লস তৈরি হলে তা যে অর্থ বছরে সৃষ্টি হবে, সেই অর্থ বছরেই সংরক্ষণ ও সমন্বয় করতে হবে।
সময়সীমা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। আদেশে উল্লেখ করা হয়েছে, নেগেটিভ ইকুইটিযুক্ত বিও হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে নতুন করে কেবল ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাস করা যাবে। তবে এ প্রক্রিয়ায় নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। একই সঙ্গে ব্লক মার্কেটে কোনো লেনদেনও করা যাবে না।
এ ছাড়া বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিও হিসাবের বিপরীতে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আদায় বা আরোপ করা যাবে না। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ ঘোষণা কিংবা বিতরণ করতে পারবে না।
আর্থিক বিবরণীতে নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের পরিমাণ এবং সংশ্লিষ্ট তথ্য আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুসারে যথাযথভাবে প্রকাশ করার নির্দেশনাও দিয়েছে বিএসইসি।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার লক্ষ্যেই সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে নির্দেশনায় উল্লেখিত কোনো শর্ত লঙ্ঘন করা হলে কমিশন প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত শর্ত আরোপ করতে পারবে। এ ছাড়া জারি করা আদেশ সংশোধন, পরিবর্তন কিংবা বাতিল করার ক্ষমতাও সংরক্ষণ করেছে বিএসইসি।
Posted ৯:০৬ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.