নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | 36 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে পতনের সময় অনেক কম দামে ভালো শেয়ার কিনে পরবর্তীতে উত্থানের সুযোগে বিক্রি করে প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব হলেও টানা পতনের কারণে বাজার যদি ঊর্ধ্বমুখী না হয়, তাহলে মুনাফার বদলে বিনিয়োগকারীদের মনে বাজার সম্পর্কে আস্থাহীনতা বেড়ে যায়। দীর্ঘস্থায়ী দরপতনে একপর্যায়ে ধৈর্যহারা হয়ে অনেক বিনিয়োগকারী লোকসানেই শেয়ার বিক্রি করে বাজার ছেড়ে বেরিয়ে যান। এ অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এবং পতন থেকে বাজারকে ঊর্ধ্বমুখী করতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাদের ভাষ্য, বাজারে উত্থান-পতন থাকা স্বাভাবিক। টানা উত্থান কিংবা টানা পতন—কোনোটিই বাজারের জন্য ইতিবাচক নয়। জুন ক্লোজিং হওয়া কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চলছে। ডিভিডেন্ড ঘোষণার এ সময়ে বাজার চাঙ্গা থাকার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না, যা নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতারই প্রমাণ। এছাড়া টানা দরপতন থেকে বাজারকে স্বাভাবিক করতে নিয়ন্ত্রক সংস্থার কোনো তৎপরতাও চোখে পড়ছে না, যা বিনিয়োগকারীদের হতাশ করছে। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ বাড়াতে নিয়ন্ত্রক সংস্থার উচিত দ্রুত নড়েচড়ে বসা এবং বাজার মনিটরিংয়ের মাধ্যমে কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়া।
এদিকে আজ (০৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৯.৬৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৮.২৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৫.২৯ পয়েন্টে পৌঁছেছে।
আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৬টির দর বেড়েছে, ২৯১টির দর কমেছে এবং ৫২৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭২৩ কোটি ১১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৮০ কোটি ১৩ লাখ টাকা।
অন্যদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ১১৪টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১.২০ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬০.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ১৭.২৮ পয়েন্ট বেড়েছিল।
Posted ৩:৪১ পিএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.