আইপিও খরা শেষ করতে নতুন বিধিমালা, ডিএসই-সিএসই-কমিশনের সমন্বিত প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট

আইপিও খরা শেষ করতে নতুন বিধিমালা, ডিএসই-সিএসই-কমিশনের সমন্বিত প্রক্রিয়া
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে আসার জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনে দীর্ঘসূত্রতা কাটিয়ে নতুন নিয়মে আবেদনের তিন মাসের মধ্যে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

তিনি বলেন, অতীতে আইপিও অনুমোদনে এক থেকে দেড় বছর সময় লাগলেও নতুন ব্যবস্থায় তা নাটকীয়ভাবে কমিয়ে আনা হবে।

Responsive Ad Banner

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএসইসি এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘টাইম হচ্ছে তিন মাস’:
মাসুদ খান বলেন, ‘দুই বছরের খরা, আইপিও নিয়ে খরা, বেশিদিন চলতে দেওয়া যায় না। নতুন আইপিও বিধিমালায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও কমিশনের সংশ্লিষ্ট প্রক্রিয়া সমন্বিতভাবে পরিচালনা করে সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের টাইম হচ্ছে তিন মাস। তিন মাসের মধ্যে আমরা আইপিও অনুমোদন করবোই।’

ডাইরেক্ট লিস্টিং ও হাইব্রিড পদ্ধতি:
পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে সরাসরি তালিকাভুক্তির সুযোগ রাখা হচ্ছে জানিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, এ ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড কঠোর করা হয়েছে। বিশেষ করে বহুজাতিক ও বড় স্থানীয় কোম্পানিগুলোকে বাজারে আনতে সরাসরি তালিকাভুক্তির পাশাপাশি হাইব্রিড পদ্ধতি চালু করা হচ্ছে। এতে একদিকে জনগণের কাছে শেয়ার ছাড়ার মাধ্যমে মূলধন সংগ্রহ, অন্যদিকে বিদ্যমান মালিকদের শেয়ার বিক্রির সুযোগ থাকবে।

ডিজিটাল নজরদারি ও এআই ব্যবহারের পরিকল্পনা:
তিনি জানান, বাজারকে স্বচ্ছ ও আধুনিক করতে ডিজিটাল ও রিয়েল টাইম নজরদারি ব্যবস্থা চালু করা হবে। ব্রোকারদের ব্যাক অফিস সফটওয়্যার একীভূত করার পাশাপাশি ডিএসই ও বিএসইসির নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বন্ড বাজার সম্প্রসারণ, ডেরিভেটিভস চালু, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো এবং বিচারিক প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী ও অন্য বক্তাদের মত:
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও পুঁজিবাজারের সংস্কার ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বলেন, আগামী ১২ মাসে পুঁজিবাজারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের বাজারকে এ অঞ্চলের অন্য বাজারগুলোর সঙ্গে তুলনীয় পর্যায়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বিমা খাতের অংশগ্রহণ বাড়ানো গেলে শেয়ারবাজার, বন্ড ও অবকাঠামোতে দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় উৎস তৈরি হবে।

 

Facebook Comments Box

Posted ৯:০৯ পিএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com