ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, ‘নো পেপার, নাথিং পেপার’ নীতিতে জোর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, ‘নো পেপার, নাথিং পেপার’ নীতিতে জোর
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে খুচরা বা রিটেইল বিনিয়োগকারীনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণনির্ভর বাজারে রূপান্তরের প্রয়োজনীয়তার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে বাজারের প্রতিটি পর্যায়ে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশন কার্যকর করে পুরো শেয়ারবাজারকে পেপারলেস করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

Responsive Ad Banner

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অধ্যাদেশের মাধ্যমে আইসিবি প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল দেশে মুক্তবাজার অর্থনীতি এবং বাজারভিত্তিক শেয়ারবাজার প্রতিষ্ঠা করা। সাধারণ মানুষের সঞ্চয় আইসিবির মাধ্যমে মূলধন বাজারে যুক্ত করে জাতীয় অর্থনীতিতে বড় পরিসরে বিনিয়োগ নিশ্চিত করাও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের মধ্যে ছিল।

তিনি বলেন, দেশের শেয়ারবাজার দীর্ঘ সময় ধরে রিটেইল বা খুচরা বিনিয়োগকারীদের ওপর বেশি নির্ভরশীল। কিন্তু বিশ্বের অধিকাংশ দেশের ক্যাপিটাল মার্কেট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণকে কেন্দ্র করেই পরিচালিত হয়। এ কারণে বাংলাদেশের শেয়ারবাজারকে রিটেইলনির্ভর অবস্থা থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগনির্ভর বাজারে রূপান্তরের ক্ষেত্রে আইসিবিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, আইসিবিকে প্রচলিত ও ঐতিহ্যগত কর্মকাণ্ডের সীমারেখা পেরিয়ে একটি সম্পূর্ণ বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক এবং পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। একই সঙ্গে দেশের শেয়ারবাজারসহ সামগ্রিক আর্থিক খাতের আধুনিকায়নেও প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারের নীতিগত অবস্থান অনুযায়ী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না।

শেয়ারবাজারকে প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ এবং আইসিবিসহ বাজারের প্রতিটি পর্যায়ে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। ‘নো পেপার ট্রানজেকশন, নাথিং পেপার’ নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো কোম্পানির লিস্টিংয়ের আবেদন থেকে শুরু করে অনুমোদন এবং সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের শেয়ারবাজার ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন অর্থমন্ত্রী। সম্প্রতি নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে বিশ্বের বড় ১৫টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতঃরাশ বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং শেয়ারবাজার নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আস্থা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, প্রাইভেট ফান্ড, ক্লাইমেট ফান্ডিং এবং ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে বাংলাদেশে বৈশ্বিক পুঁজি আনার পরিবেশ তৈরি হচ্ছে। একই সঙ্গে দেশের প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত ‘হাই স্ট্রিট ব্যাংকস’ নির্ভরতা থেকে বেরিয়ে আন্তর্জাতিক মানের আর্থিক চর্চার সঙ্গে নিজেদের অভ্যস্ত করার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, দীর্ঘ অভিজ্ঞতা এবং অভ্যন্তরীণ পুনর্গঠনের মাধ্যমে আইসিবি ভবিষ্যতে একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হবে।

অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ।

Facebook Comments Box

Posted ৫:২১ পিএম | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com