মঙ্গলবার ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো ‘অরেঞ্জ বন্ড’ ইস্যুর অনুমোদন বিএসইসির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট

দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো ‘অরেঞ্জ বন্ড’ ইস্যুর অনুমোদন বিএসইসির
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ৩১ মার্চ ২০২৬: নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করার লক্ষ্যে দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো ‘অরেঞ্জ বন্ড’ ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৫৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের এই বিশেষায়িত বন্ডটি সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে বাজারে ছাড়া হবে, যা শেয়ারবাজারে একটি গুরুত্বপূর্ণ নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি একটি জিরো-কুপন বন্ড। অর্থাৎ এই বন্ডে বিনিয়োগকারীদের সরাসরি সুদ প্রদান করা হবে না; বরং এটি ফেস ভ্যালুর চেয়ে কম মূল্যে বিক্রি করা হবে এবং নির্দিষ্ট মেয়াদ শেষে পূর্ণমূল্যে পরিশোধ করা হবে।

Responsive Ad Banner

এই উদ্যোগে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিঙ্গাপুরভিত্তিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ। অরেঞ্জ বন্ড মূলত একটি বিশেষায়িত বিনিয়োগ মাধ্যম, যা নারী, কন্যাশিশু ও লিঙ্গীয় সংখ্যালঘুদের ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বন্ড দেশের শেয়ারবাজারকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে এটি ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট বা সামাজিক প্রভাব সৃষ্টিকারী বিনিয়োগের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

বন্ড থেকে সংগৃহীত অর্থের একটি বড় অংশ বিভিন্ন খাতে ব্যয় করা হবে। এর মধ্যে ৪৮ শতাংশ খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে, ৩২ শতাংশ নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এবং বাকি ২০ শতাংশ ৩৬টি জেলায় জলবায়ু সহনশীল আবাসন নির্মাণে ব্যবহার করা হবে।

এছাড়া এই বন্ডে বিনিয়োগকারীরা একদিকে যেমন করমুক্ত আর্থিক সুবিধা পাবেন, অন্যদিকে নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়নে সরাসরি অবদান রাখার সুযোগ পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিনিয়োগের প্রভাব আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে মূল্যায়ন করা হবে এবং প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করা হবে। এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নারী ক্ষমতায়নে এই বন্ডের বাস্তব প্রভাব তুলে ধরা সম্ভব হবে।

Facebook Comments Box

Posted ৮:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com