নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | 15 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)। কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি উভয় ধরনের রেটিং নির্ধারণের পাশাপাশি ‘স্থিতিশীল’ আউটলুক ঘোষণা করা হয়েছে।
ক্রিসল সূত্রে জানা গেছে, এপেক্স ট্যানারি লিমিটেডকে দীর্ঘমেয়াদে ‘এ-’ (এ মাইনাস) এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং প্রদান করা হয়েছে। ৩০ জুন ২০২৫ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিশ্লেষণ করে এই রেটিং নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির জন্য আউটলুক রাখা হয়েছে ‘স্থিতিশীল’।
অপরদিকে, দেশের শীর্ষস্থানীয় তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে (ব্যাটবিসি) দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ (এএএ) এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং দিয়েছে ক্রিসল। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির জন্যও আউটলুক রাখা হয়েছে ‘স্থিতিশীল’।
একইভাবে, দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডকে (জিপি) দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ (এএএ) এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং প্রদান করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত কোম্পানিটির বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই রেটিং নির্ধারণ করা হয়েছে। এ কোম্পানির ক্ষেত্রেও আউটলুক রাখা হয়েছে ‘স্থিতিশীল’।
বাজার বিশ্লেষকরা বলছেন, উচ্চ ক্রেডিট রেটিং একটি কোম্পানির আর্থিক সক্ষমতা, সময়মতো দায় পরিশোধের সামর্থ্য এবং সার্বিক ব্যবসায়িক স্থিতিশীলতার ইতিবাচক ইঙ্গিত বহন করে। যা ওই সব কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা ও মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Posted ৭:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.