ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে বাজার মূলধন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে বাজার মূলধন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্য সূচক পতন রেকর্ড করা হয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে গড় লেনদেনের পরিমাণও। কিন্তু বাজার মূলধন প্রায় ২ হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫২টির শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির। এছাড়া ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।

Responsive Ad Banner

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ৮০২ কোটি টাকা কমেছে।

বাজার মূলধন কমলেও গত সপ্তাহে প্রধান মূল্য সূচক বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ৪৬ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপর দুই সূচকের মধ্যে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ৮ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ১০ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি ৮৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৩০ কোটি ৮৪ লাখ টাকা বা ৪১ দশমিক ৬০ শতাংশ।

 

Facebook Comments Box

Posted ৫:৪৪ পিএম | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com