নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন সরকার গঠনের পর শেয়ারবাজারে প্রত্যাশিত উত্থানের বিপরীতে টানা চার দিনের পতন দেখে কিছুটা হলেও হতাশ বিনিয়োগকারীরা। তবে আগামী দিনে বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন বাজার সংশ্লিষ্টরা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৬) সপ্তাহের শেষ কর্মদিবসেও পতন কাটেনি শেয়ারবাজারে।
সপ্তাহের শুরুতে ২০০ পয়েন্টের বেশি উত্থানের পর টানা চার দিন ধরে সূচক কমছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৫.৯৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.১৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৫.০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৭.৮৭ পয়েন্টে।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের শুরুতে সূচক যে পরিমাণ বেড়েছিল, তার তুলনায় পতনের হার এখনও কম। ফলে এই পতনকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না তারা। তাদের মতে, সরকার পরিচালনা শুরু করার পর সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। আগামী দিনে বাজারে ইতিবাচক প্রবণতা ফিরে আসবে বলেই মত দিচ্ছেন তারা।
লেনদেন ও দরপতনের চিত্র:
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৬টির, কমেছে ৩১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। আগের দিন যেখানে লেনদেন হয়েছিল ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকা, সেখানে আজ লেনদেন হয়েছে মাত্র ৫৫৩ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৩৮২ কোটি টাকা।
চট্টগ্রাম শেয়ারবাজার:
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ পতন দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪৩.১২ পয়েন্টে। আগের দিন এই সূচক কমেছিল ৮৫.৩৫ পয়েন্ট।
এদিন সিএসইতে ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়ে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দর। লেনদেন হয়েছে ১৩ কোটি ৮ লাখ টাকার, যা আগের দিনের (২১ কোটি ৯৭ লাখ টাকা) তুলনায় অনেক কম।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার কোনো বিকল্প নেই। সতর্ক অবস্থান নিয়ে বাজার পর্যবেক্ষণ করার পরামর্শ তাদের।
Posted ২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.