ব্রেকিং >>
ব্রেকিং >>

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | 121 বার পঠিত | প্রিন্ট

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে বিধিবহির্ভূত বিনিয়োগের অভিযোগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’-এর অর্থ ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে। ফান্ডটির অর্থ বিধিবহির্ভূত খাতে বিনিয়োগ এবং স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়টি চিহ্নিত করা হয়েছে।

ফান্ডটির ২০২৫ অর্থবছরের আর্থিক হিসাব পর্যালোচনা করে নিরীক্ষকরা এসব অনিয়ম তুলে ধরেছেন।

Responsive Ad Banner

প্রতিবেদন অনুযায়ী, ফান্ডটির মোট সম্পদের ৭.৩৪ শতাংশ, অর্থাৎ ৭ কোটি টাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এ দীর্ঘমেয়াদি আমানত (এফডিআর) হিসেবে রাখা হয়েছে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালার ৬৭(৪) ধারা অনুযায়ী, কোনো মিউচুয়াল ফান্ডের অর্থ কেবল তফসিলি ব্যাংকে এফডিআর হিসেবে রাখা যাবে, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নয়।

যদিও সংশ্লিষ্ট বিধিমালার গেজেট প্রকাশের আগে এই বিনিয়োগ করা হয়েছিল, তবুও আইন কার্যকর হওয়ার পর ফান্ড কর্তৃপক্ষ তা সংশোধন বা স্থানান্তরের উদ্যোগ নেয়নি বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া মিউচুয়াল ফান্ড বিধিমালার ৪৩(১৭) ধারা লঙ্ঘনের অভিযোগও উঠে এসেছে। এই ধারায় অ্যাসেট ম্যানেজার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার কেনাবেচা নিষিদ্ধ থাকলেও, ফান্ডটি তাদের অ্যাসেট ম্যানেজার আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির মাধ্যমে শেয়ার লেনদেন করেছে।

এ বিষয়ে জানতে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের কোম্পানি সচিব শাশ্বত কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই মিউচুয়াল ফান্ডটির পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ছাড়া সাধারণ ও অন্যান্য বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৯ শতাংশ ইউনিট।

সর্বশেষ সোমবার (৬ এপ্রিল) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ফান্ডটির প্রতি ইউনিটের বাজারদর দাঁড়িয়েছে ৫ টাকা ৮০ পয়সা।

Facebook Comments Box

Posted ৬:৫৫ পিএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com