ব্রেকিং >>
ব্রেকিং >>

কার্যক্রমহীন কোম্পানি নিয়ে ভুল ব্যাখ্যা, অবস্থান স্পষ্ট করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬ | 48 বার পঠিত | প্রিন্ট

কার্যক্রমহীন কোম্পানি নিয়ে ভুল ব্যাখ্যা, অবস্থান স্পষ্ট করল বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছে কমিশন। একই সঙ্গে বিএসইসি স্পষ্ট করেছে, দীর্ঘদিন বন্ধ বা কার্যক্রমহীন কোম্পানিগুলোকে ডিলিস্টিং করার বিষয়ে কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি।

রোববার (১২ জুলাই) বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান পুঁজিবাজারের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। কিন্তু তার একটি বক্তব্যকে প্রসঙ্গবিচ্ছিন্নভাবে উপস্থাপন করে দেশের কয়েকটি সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও ইলেকট্রনিক গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে যে, বিএসইসি বন্ধ কোম্পানিগুলোকে ডিলিস্টিং করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের মতে, এ ধরনের সংবাদ চেয়ারম্যানের বক্তব্যের যথাযথ প্রতিফলন নয়।

বিএসইসি জানায়, ওই সভায় চেয়ারম্যান বলেন, বিশ্বের অধিকাংশ পুঁজিবাজারে দীর্ঘদিন বন্ধ বা কার্যক্রমহীন কোনো কোম্পানিকে অনির্দিষ্টকাল তালিকাভুক্ত রাখা হয় না। তবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকা কিছু কোম্পানি এখনও তালিকাভুক্ত রয়েছে, যা বিশেষ করে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কোম্পানির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি পর্যালোচনা করছে এবং একটি যৌক্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

এ প্রক্রিয়ার আওতায় দীর্ঘদিন কার্যক্রমহীন কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময়, যেমন এক বছরের মধ্যে পুনরায় কার্যক্রম শুরু করার সুযোগ দেওয়া হতে পারে। এরপরও কোনো কোম্পানি কার্যক্রমে ফিরতে ব্যর্থ হলে বিদ্যমান আইন, বিধিমালা, তালিকাভুক্তি প্রবিধান এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা বিবেচনা করা হতে পারে বলে কমিশন উল্লেখ করেছে।

একই সঙ্গে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএসইসি। কমিশন বলেছে, দীর্ঘদিন ধরে বন্ধ বা কার্যক্রমহীন, ধারাবাহিকভাবে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে ঝুঁকিতে থাকা, নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন না করা কিংবা লভ্যাংশ ঘোষণা না করা কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের অধিকতর সতর্কতা অবলম্বন করা উচিত।

Facebook Comments Box

Posted ৪:৪৮ পিএম | রবিবার, ১২ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com