শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইরান ইস্যুর প্রভাবে বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬ | 14 বার পঠিত | প্রিন্ট

ইরান ইস্যুর প্রভাবে বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবরকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এর ফলে বাজার মূলধন কমেছে ২০ হাজার কোটি টাকারও বেশি। একই সঙ্গে মূল্যসূচক ও দৈনিক গড় লেনদেনেও পতন লক্ষ্য করা গেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৩২৫টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং ৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত ছিল। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের দাম বেড়েছে, তার তুলনায় ৫ দশমিক ৫১ গুণ বেশি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে।

Responsive Ad Banner

এই বড় দরপতনের ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২০ হাজার ৪১৩ কোটি টাকা বা ২ দশমিক ৮৪ শতাংশ কমেছে।

বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে মূল্যসূচকেও বড় পতন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ৩৫৯ দশমিক ৪৩ পয়েন্ট বা ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। অথচ এর আগের সপ্তাহে সূচকটি ১৩৪ দশমিক ৩৪ পয়েন্ট বা ২ দশমিক ৪৬ শতাংশ বেড়েছিল।

অন্য সূচকগুলোর মধ্যেও একই প্রবণতা দেখা গেছে। বাছাই করা বড় মূলধনি কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে ১৫৭ দশমিক ৯৫ পয়েন্ট বা ৭ দশমিক ২৮ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে সূচকটি ৭১ দশমিক ৫৮ পয়েন্ট বা ৩ দশমিক ৪১ শতাংশ বেড়েছিল।

অন্যদিকে ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহে ৬৭ দশমিক ৪৭ পয়েন্ট বা ৬ দশমিক শূন্য ৪ শতাংশ কমেছে। আগের সপ্তাহে সূচকটি ২১ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা ১ দশমিক ৯৩ শতাংশ বেড়েছিল।

লেনদেনের পরিমাণেও কিছুটা স্থবিরতা দেখা গেছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন ছিল ৭২৪ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন ২৮ কোটি ৩৭ লাখ টাকা বা ৩ দশমিক ৯১ শতাংশ কমেছে।

Facebook Comments Box

Posted ৭:২১ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com