মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ উপদেষ্টা স্থগিত করলেন বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | 59 বার পঠিত | প্রিন্ট

অর্থ উপদেষ্টা স্থগিত করলেন বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের উদ্যোগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উদ্দেশ্যে ‘বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২’ সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত হয়ে গেছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একটি চিঠিতে গভর্নর আহসান এইচ মনসুরকে জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এমন মৌলিক ও ব্যাপক আইনি পরিবর্তন আনা বাস্তবসম্মত হবে না।

অর্থ উপদেষ্টা চিঠিতে উল্লেখ করেছেন, এ আদেশ পর্যালোচনা বা সংশোধনের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও অপসারণ, গভর্নরের পদমর্যাদা বৃদ্ধি এবং পর্ষদের কাঠামোগত পরিবর্তনের মতো বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর। তাই এসব পরিবর্তনের আগে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং গভীর পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করার এই প্রচেষ্টা তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।

Responsive Ad Banner

এর আগে, গত বছরের ৯ অক্টোবর, গভর্নর আহসান এইচ মনসুর আন্তর্জাতিক মানের স্বায়ত্তশাসন নিশ্চিত করার লক্ষ্যে একটি বিস্তারিত খসড়া প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছিলেন। ওই প্রস্তাবে তিনি একটি তিন সদস্যের অনুসন্ধান কমিটির মাধ্যমে মেধাভিত্তিক নিয়োগ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার সুপারিশ করেছিলেন। এছাড়া শীর্ষ কর্মকর্তাদের অপসারণ সংক্রান্ত অভিযোগ যাচাইয়ের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত আদালত গঠনের প্রস্তাব ছিল।

গভর্নর তার প্রস্তাবে ব্যাংক অব ইংল্যান্ড, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের মতো আধুনিক কেন্দ্রীয় ব্যাংকের উদাহরণ টেনেছিলেন। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের বর্তমান সিদ্ধান্তের কারণে এসব সংস্কার প্রস্তাব এখন আপাতত আমলাতান্ত্রিক হিমাগারে চলে গেছে। ফলে পরবর্তী সরকারের আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক ও নীতিগত কাঠামো বর্তমান আইন অনুযায়ী পরিচালিত হবে।

Facebook Comments Box

Posted ৭:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com