ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্যাংক-বিমা-পুঁজিবাজারের লেনদেন এক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

ব্যাংক-বিমা-পুঁজিবাজারের লেনদেন এক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের লেনদেনকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা প্রতিষ্ঠা, অনিয়ম প্রতিরোধ এবং ব্যবসায়িক ব্যয় কমানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে আর্থিক খাতের কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময়ের জন্য কার্যকর ও সমন্বিত নেটওয়ার্ক তৈরি করা জরুরি।

Responsive Ad Banner

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থানীয় ঋণপত্র বা এলসি-সংক্রান্ত তথ্য বিনিময়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে বাণিজ্য ও বিনিয়োগের কার্যক্রম এখন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকেও এ পরিবর্তিত বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থা আলাদা থাকলে ব্যবসার ব্যয় কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি তথ্য সংযোগ প্রতিষ্ঠা করা প্রয়োজন।

বিমা খাতের অনিয়মের প্রসঙ্গ তুলে তিনি জানান, অনেক ক্ষেত্রে বিমার প্রিমিয়াম জমা না দিয়েই কাভার নোট নেওয়া হয়েছে। এমনকি এক হাজার কোটি টাকার পণ্য আমদানির ক্ষেত্রেও প্রিমিয়াম পরিশোধ ছাড়াই কাভার নোট দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ডের কারণে সরকার রাজস্ব হারিয়েছে, বিমা কোম্পানির শেয়ারহোল্ডাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন জটিলতার মুখে পড়েছে।

এ ধরনের অনিয়ম প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক, এলসি ইস্যুকারী ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ব্যাক টু ব্যাক এলসির কার্যক্রমেও স্বচ্ছতা আনার উদ্যোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবং ব্রোকারেজ হাউসগুলোকে একই সমন্বিত ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অটোমেশন কেবল কাজের গতি ও দক্ষতা বাড়ায় না, একই সঙ্গে ব্যবসায়িক ব্যয় হ্রাস এবং জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। গোপন লেনদেন ও অনিয়মের কারণে সরকার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ডিজিটাল ব্যবস্থা কার্যকর হলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সহজ হবে।

বছরে সাশ্রয় হবে ৬১ লাখ ৫০ হাজার ডলার

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন স্থানীয় ও আন্তর্জাতিক এলসির তথ্য আদান-প্রদানে সুইফট নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হতো। এমনকি দেশের অভ্যন্তরে খোলা স্থানীয় এলসির তথ্যও প্রথমে বিদেশি নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হতো। সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছানোর পর ব্যাংক সরবরাহকারীকে প্রয়োজনীয় তথ্য জানাত।

এই প্রক্রিয়ায় প্রতিটি এলসির বিপরীতে গড়ে প্রায় এক হাজার ৫০০ টাকা ব্যয় হতো। এ অর্থ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। তা ছাড়া স্থানীয় এলসির তথ্য দেশের মধ্যে কোনো কেন্দ্রীয় ব্যবস্থায় সংরক্ষিত থাকত না। অতীতের কোনো তথ্য প্রয়োজন হলে সুইফট কর্তৃপক্ষের কাছে পৃথকভাবে আবেদন করে তা সংগ্রহ করতে হতো।

নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্ম চালু হওয়ায় বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করেই এলসির তথ্য আদান-প্রদান করা যাবে। ফলে তথ্য পাঠাতে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হবে না। একই সঙ্গে প্রতিটি এলসির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে, যা প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে দ্রুত পাওয়া সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৫ লাখ ৭৯ হাজার ১১০টি স্থানীয় এলসি খোলা হয়েছে। প্রতিটি এলসির বিপরীতে গড়ে এক হাজার ৫০০ টাকা ব্যয় ধরে মোট খরচের পরিমাণ দাঁড়ায় ৮৬ কোটি ৮৬ লাখ টাকা। এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার ব্যয় ছিল ৭২ লাখ ৪০ হাজার ডলার। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর আয় সমন্বয়ের পর নিট বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬১ লাখ ৫০ হাজার ডলার।

নতুন প্ল্যাটফর্মে স্থানীয় এলসির তথ্য আদান-প্রদানের জন্য কোনো মেসেজিং ফি দিতে হবে না। ফলে এ খাতে বৈদেশিক মুদ্রার উল্লেখযোগ্য সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

এলসি খোলা, সংশোধন ও নিষ্পত্তি হবে দ্রুত

‘বার্তা’ ব্যবস্থায় কোনো ব্যাংক এলসি খুললে সংশ্লিষ্ট সরবরাহকারীর ব্যাংক তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারবে। এলসির শর্ত বা তথ্যে পরিবর্তনের প্রয়োজন হলে সেটিও দ্রুত সম্পন্ন করা যাবে। এতে এলসি খোলা, সংশোধন, নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় নথি আদান-প্রদানে সময় কমে আসবে।

এলসি-সংক্রান্ত সব নথি ও তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকায় কোনো বিরোধ দেখা দিলে সংশ্লিষ্ট কাগজপত্র দ্রুত সংগ্রহ করা যাবে। পাশাপাশি এলসি খোলার শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত পুরো কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবে কেন্দ্রীয় ব্যাংক।

কর্মকর্তারা জানান, আগে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করলে কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিকভাবে সব লেনদেনের হালনাগাদ চিত্র পেত না। নতুন ব্যবস্থায় কোনো এলসির মেয়াদ শেষ হয়ে গেলে কিংবা তা বকেয়া থাকলে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

ব্যবসায়িক ব্যয় কমানোর ওপর গুরুত্ব

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বছরে ৬১ লাখ ডলার সাশ্রয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এর চেয়েও বড় বিষয় হলো নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা তৈরির আত্মবিশ্বাস অর্জন। নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি ও ব্যবস্থা নিজেরাই তৈরি করতে পারার উদ্যোগের মূল্য অনেক বেশি।

তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক এলসির ক্ষেত্রেও এ ধরনের ডিজিটাল ব্যবস্থা চালু করা গেলে আমদানি-রপ্তানি পণ্যের মূল্য এবং সংশ্লিষ্ট লেনদেন পর্যবেক্ষণ করা সহজ হবে। এর ফলে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কার্যক্রমও আরও সহজ হতে পারে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, স্থানীয় এলসি খোলার ক্ষেত্রে প্রতিটির জন্য এক হাজার ৫০০ টাকা চার্জ পোশাকশিল্পের উদ্যোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি করেছিল। রপ্তানি আদেশ পাওয়ার পর কারখানাগুলোকে অনেক ছোট অঙ্কের স্থানীয় এলসি খুলতে হয়। কোনো কোনো এলসির মূল্য ৭০০, এক হাজার কিংবা ১ হাজার ৫০০ ডলার হলেও এ ধরনের এলসির সংখ্যা অনেক বেশি।

নতুন ডিজিটাল ব্যবস্থায় এলসি-সংক্রান্ত খরচ কমার পাশাপাশি স্বচ্ছতা বাড়বে এবং বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াও সহজ হবে বলে মনে করেন তিনি। তবে ব্যাংক থেকে এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ এখনো ব্যবসায়ীদের জন্য বড় ব্যয়ের বিষয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাংকের সঙ্গে এসব চার্জ নিয়ে দর-কষাকষিতে তুলনামূলক দুর্বল অবস্থানে থাকেন। এ ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।

বিনিময় হার নির্ধারণে স্বচ্ছ নিলামব্যবস্থা চালুর প্রস্তুতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এর সুফল শুধু ব্যবসায়ী ও ব্যাংকারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; শেষ পর্যন্ত পণ্য ও সেবার দাম কমার মাধ্যমে সাধারণ মানুষও উপকৃত হবেন।

তিনি জানান, ব্যবসায়ীদের আর্থিক চাপ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে নীতি সুদহার আরও কমানোর সুযোগ তৈরি হতে পারে। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ৭ হাজার কোটি টাকার একটি এসডিপি চালু করা হয়েছে, যার আওতায় সুদে ভর্তুকি দেওয়া হচ্ছে।

বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে স্বয়ংক্রিয় ও স্বচ্ছ নিলামব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে জানিয়ে গভর্নর বলেন, এ পদ্ধতি চালু হলে বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণ সহজ হবে এবং কারসাজির সুযোগ কমে আসবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ ব্যবস্থা চালু করা সম্ভব হতে পারে।

আন্তর্জাতিক এলসির কাগজপত্র পাঠানোর ক্ষেত্রেও ডিজিটাল পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে কুরিয়ারের মাধ্যমে নথি পাঠাতে যে সময় ও অর্থ ব্যয় হয়, ডিজিটাল ব্যবস্থা চালু হলে তা কমে আসবে। এতে আন্তর্জাতিক এলসির প্রয়োজনীয় নথি আদান-প্রদানের সময় এক থেকে দুই দিনের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে গভর্নর ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ সময় বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৪৮ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com