ব্রেকিং >>
ব্রেকিং >>

সালতা ক্যাপিটালের তিন সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

সালতা ক্যাপিটালের তিন সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের ব্রোকারেজ হাউজ সালতা ক্যাপিটাল লিমিটেডের তিনটি সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গ্রাহকদের সমন্বিত হিসাব থেকে কয়েক কোটি টাকা অন্য প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো, ওই অর্থ দিয়ে ব্লক মার্কেটে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার কেনা এবং পৃথক একটি ব্যাংক হিসাব থেকে দেড় কোটি টাকা নগদে তুলে নেওয়ার ঘটনা তদন্তের আওতায় এসেছে।

এসব লেনদেনের পেছনে শেয়ারবাজারে কারসাজি কিংবা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা রয়েছে কি না, তা যাচাই করতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঠানো গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করেছে। আদেশে তদন্ত কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএসইসির যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী পরিচালক রানা দাশ।

কমিশনের আদেশে উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজারের স্বাভাবিক ও স্বচ্ছ কার্যক্রম বজায় রাখা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্য বিএফআইইউর প্রতিবেদনে উঠে আসা বিষয়গুলো অনুসন্ধান করা জরুরি। এ উদ্দেশ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্তের আওতায় প্রথমে রয়েছে ওয়ান ব্যাংক পিএলসিতে থাকা সালতা ক্যাপিটালের সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে কোভ ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা স্থানান্তরের ঘটনা। স্থানান্তরিত অর্থ দিয়ে এসআইটিএল সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে বেলাল আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ব্লক মার্কেটে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কেনা হয়েছিল কি না, তা যাচাই করবে তদন্ত কমিটি।

দ্বিতীয় পর্যায়ে ব্লক মার্কেটে ওই শেয়ারগুলোর কেনাবেচার মাধ্যমে শেয়ারের দর কিংবা লেনদেনের ওপর প্রভাব বিস্তার করে কোনো ধরনের কারসাজি করা হয়েছে কি না, তা অনুসন্ধান করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হবে।

তদন্তের তৃতীয় বিষয় হচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংকে সালতা ক্যাপিটালের সমন্বিত গ্রাহক হিসাব থেকে ১ কোটি ৫০ লাখ টাকা নগদে উত্তোলন। কী উদ্দেশ্যে এবং কোন প্রক্রিয়ায় এই অর্থ তুলে নেওয়া হয়েছে, তার পাশাপাশি এর সঙ্গে শেয়ারবাজারে কারসাজি বা আইন লঙ্ঘনের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখবে কমিটি।

এর আগে সালতা ক্যাপিটালের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ ও শেয়ার আত্মসাতের গুরুতর অভিযোগ সামনে আসে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি প্রায় ১৪ হাজার গ্রাহকের বিও হিসাবে সংরক্ষিত ৪ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৪৩টি শেয়ার গ্রাহকদের অজ্ঞাতে বিক্রি করে দিয়েছে। এসব শেয়ার বিক্রি করে ৭২ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া গ্রাহকদের সমন্বিত হিসাব থেকে আরও ২৭ কোটি ৬৯ লাখ টাকা সরিয়ে অন্য হিসাবে স্থানান্তরের অভিযোগ ওঠে। সব মিলিয়ে অর্থ ও শেয়ার আত্মসাতের অভিযোগের পরিমাণ দাঁড়ায় ১০০ কোটি ৫২ লাখ টাকা।

এ ছাড়া গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বর পরিবর্তন, অনুমতি ছাড়া ব্যাক-অফিস সফটওয়্যার পরিচালনা এবং গ্রাহকদের কাছে ভুয়া হিসাব বিবরণী পাঠানোর অভিযোগও রয়েছে ব্রোকারেজ হাউজটির বিরুদ্ধে।

২০২৫ সালের ২৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিদর্শনে সালতা ক্যাপিটালের হিসাবে অর্থের ঘাটতি শনাক্ত হয়। এর তিন দিন পর, একই বছরের ২৬ নভেম্বর বিএসইসি এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি চলতি বছরের ২১ মে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্ত কার্যক্রম চলার সময় বিএসইসির আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ১৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালত-১২-তে সালতা ক্যাপিটালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক (অর্থ), মহাব্যবস্থাপকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিএসইসি। মামলাটির নম্বর ১৭১২/২০২৬।

আগের তদন্ত ও মামলা চলমান থাকা অবস্থায় নতুন করে আরও তিনটি সন্দেহজনক লেনদেনের বিষয়ে অনুসন্ধান শুরু হওয়ায় সালতা ক্যাপিটালের কার্যক্রম এবং গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সর্বশেষ তদন্তের মাধ্যমে এসব লেনদেনের প্রকৃত উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো আইন লঙ্ঘনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:০২ পিএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com