নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | 2 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মো. খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানিয়ে তাঁর করা পুনর্বিবেচনা বা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে শেয়ারবাজার-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে দাপ্তরিক পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর ওপর আরোপিত বিধিনিষেধ বহাল থাকছে।
গত মঙ্গলবার বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে কমিশনের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের যৌক্তিকতা প্রতিষ্ঠা করতে নতুন কোনো তথ্য কিংবা গ্রহণযোগ্য কারণ তুলে ধরতে পারেননি খায়রুল বাশার। একই সঙ্গে আগের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল, এমন প্রমাণও তিনি উপস্থাপন করতে পারেননি।
এর আগে গত ৩০ জুলাই খায়রুল বাশারের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছিল বিএসইসি। ওই আদেশের ফলে কোনো স্টক এক্সচেঞ্জ, শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানি অথবা বিএসইসির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে শেয়ারবাজার-সংশ্লিষ্ট কোনো দাপ্তরিক পদে নিয়োগ পাওয়ার যোগ্যতা হারান তিনি। এ আদেশের বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর কমিশনের কাছে পুনর্বিবেচনার আবেদন করেন খায়রুল বাশার।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২৬ ধারার আওতায় তাঁর আবেদনটি পরীক্ষা করে বিএসইসি। কমিশনের পর্যালোচনায় দেখা যায়, আবেদনে আগের সিদ্ধান্ত পরিবর্তনের পক্ষে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি। এ ছাড়া নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল বলে আবেদনকারী যুক্তিসহ তুলে ধরতে পারেননি। সংশ্লিষ্ট নথিপত্র, তথ্য-উপাত্ত এবং প্রযোজ্য আইন পর্যালোচনার পর নিষেধাজ্ঞা বাতিল কিংবা সংশোধনের মতো কোনো যথার্থ কারণও খুঁজে পায়নি কমিশন। ফলে আগের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসইর সিআরও হিসেবে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে খায়রুল বাশারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বিশেষ করে ২০২৪ সালে মশিউর সিকিউরিটিজসহ সাতটি ব্রোকারেজ হাউজের পরিদর্শন প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসিতে জমা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি কমিশনের নজরে আসে।
বিএসইসির মূল্যায়ন অনুযায়ী, নির্ধারিত সময়ে এসব পরিদর্শন প্রতিবেদন জমা না পড়ায় সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর অনিয়ম শনাক্ত করা এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই খায়রুল বাশারের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁর রিভিউ আবেদন খারিজ হওয়ায় আগের নিষেধাজ্ঞাই বহাল থাকল।
Posted ৮:১৯ পিএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.