নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | 4 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শেয়ার লেনদেনের ক্ষেত্রে প্রচলিত বিধিনিষেধে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থার বিশেষ অনুমোদনপ্রাপ্ত যোগ্য বিনিয়োগকারীরা লেনদেন নিষিদ্ধ থাকার সময়েও তালিকাভুক্ত ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারবেন।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০এ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বিএসইসি।
‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ২০২২’-এর আওতায় এই বিশেষ অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ সুবিধা পেতে হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ঘোষণার পরবর্তী ৩০ দিনের মধ্যে শেয়ার কেনার প্রক্রিয়া শেষ করতে হবে। পাশাপাশি কেনা শেয়ার এক বছরের জন্য লক-ইন থাকবে। অর্থাৎ, এই মেয়াদে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা শেয়ারগুলো বিক্রি করতে পারবেন না।
বিদ্যমান বিধিনিষেধ ও ছাড়ের পটভূমি
বর্তমান বিধিমালা অনুসারে, তালিকাভুক্ত কোনো কোম্পানি বা ফান্ডের বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার নির্ধারিত সময়ের দুই মাস আগে থেকে প্রতিবেদন চূড়ান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিট কেনা, বিক্রি কিংবা হস্তান্তরের সুযোগ থাকে না। বিধিমালায় এই সময়কে নিষিদ্ধ সময় বা ‘রেস্ট্রিক্টেড পিরিয়ড’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই বিধিনিষেধের আওতায় রয়েছেন সংশ্লিষ্ট কোম্পানির উদ্যোক্তা, পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কর্মচারীরা। একই সঙ্গে নিরীক্ষক, সম্পদ মূল্যায়নকারী, ক্রেডিট রেটিং এজেন্সি এবং পরামর্শকরাও এ নিয়মের অন্তর্ভুক্ত। তালিকাভুক্ত ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার, ট্রাস্টি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্যও একই বিধিনিষেধ প্রযোজ্য।
নতুন নির্দেশনায় যেসব শর্ত দেওয়া হয়েছে
বিএসইসির জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কোনো তালিকাভুক্ত ব্যাংকের প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক যদি মূলধন পুনর্গঠনের লক্ষ্যে ওই ব্যাংকের কোনো উদ্যোক্তা, পরিচালক অথবা অন্য শেয়ারহোল্ডারকে এককভাবে কিংবা যৌথভাবে ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ বা কেনার অনুমতি দেয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিষিদ্ধ সময়ের শেয়ার লেনদেনসংক্রান্ত বিধিনিষেধ থেকে অব্যাহতি পাবেন।
তবে এ ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারা শিথিল করার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের দেওয়া অনুমতির সঙ্গে যুক্ত থাকতে হবে।
নির্দেশনা অনুযায়ী, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ঘোষণা প্রকাশের পর যোগ্য বিনিয়োগকারীরা শেয়ার কেনার জন্য ৩০ দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে শেয়ার কেনার সুযোগ নিষিদ্ধ সময়ের সঙ্গে মিলে গেলেও বিশেষ সুবিধা কার্যকর থাকবে।
তবে এই ছাড়ের আওতায় কেনা শেয়ার ক্রয়ের দিন থেকে পরবর্তী এক বছর পর্যন্ত লক-ইনের আওতায় থাকবে। ফলে এক বছর পূর্ণ হওয়ার আগে এসব শেয়ার বিক্রি করা যাবে না।
Posted ৫:১৫ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.