ব্রেকিং >>
ব্রেকিং >>

লিবরা ইনফিউশনসের আর্থিক ও পরিচালন অবস্থা তদন্তে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট

লিবরা ইনফিউশনসের আর্থিক ও পরিচালন অবস্থা তদন্তে বিএসইসি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের প্রতিষ্ঠান লিবরা ইনফিউশনস লিমিটেডের বিভিন্ন কার্যক্রমে অনিয়মের অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার হস্তান্তর, কোম্পানির সম্পদ বিক্রি এবং দীর্ঘ সময় ধরে কারখানার উৎপাদন বন্ধ থাকার বিষয়গুলো তদন্তের আওতায় আনা হয়েছে। পাশাপাশি টানা চার বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন না করা এবং আর্থিক প্রতিবেদন ও শেয়ারধারণ-সংক্রান্ত তথ্য প্রকাশ না করার বিষয়ও যাচাই করবে নিয়ন্ত্রক সংস্থাটি।

এ লক্ষ্যে বিএসইসির যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ এবং মোহাম্মদ আবু হেনা মোস্তফা। কমিশনের আদেশ জারির পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের সামগ্রিক স্বার্থ বিবেচনায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারার ক্ষমতাবলে এ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের আওতায় ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দুই বছরের মধ্যে কোম্পানিটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, তদন্ত কমিটি চারটি প্রধান বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করবে। এর মধ্যে প্রথমেই থাকবে কোম্পানিটির বর্তমান আর্থিক ও পরিচালন পরিস্থিতি। একই সঙ্গে কী কারণে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে, তার প্রকৃত কারণও অনুসন্ধান করা হবে।

দ্বিতীয়ত, কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে প্রচলিত সিকিউরিটিজ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা যাচাই করবে কমিটি।

তৃতীয়ত, কোম্পানির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি কিংবা হস্তান্তরের বিষয়টি খতিয়ে দেখা হবে। বিশেষ করে যানবাহন, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামাদি বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল কি না এবং করপোরেট সুশাসনের বিধান মানা হয়েছে কি না, তা তদন্তের আওতায় থাকবে।

চতুর্থত, টানা চার বছর এজিএম অনুষ্ঠিত না হওয়া এবং নিয়মিত আর্থিক তথ্য জমা না দেওয়ার পেছনে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায় নির্ধারণ করা হবে। এ ধরনের পরিস্থিতির কারণে সাধারণ বিনিয়োগকারী, পাওনাদার এবং কোম্পানির কর্মীরা কী ধরনের প্রভাবের মুখে পড়েছেন, সেটিও মূল্যায়ন করবে তদন্ত কমিটি। অনুসন্ধানে আইনের কোনো ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক বা নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিটি।

উল্লেখ্য, ১৯৮৫ সালে উৎপাদন কার্যক্রম শুরু করা লিবরা ইনফিউশনস দেশের পুরোনো ও বৃহৎ স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি। ঢাকার মিরপুরে কোম্পানিটির কারখানা অবস্থিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে চলতি মূলধনের তীব্র সংকট এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ঋণসংক্রান্ত জটিলতার কারণে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিদর্শনে কোম্পানিটির প্রধান কার্যালয় ও কারখানা বন্ধ পাওয়া যায়। সে সময় কোম্পানি কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণকাজের কথা উল্লেখ করে ১৭ জুলাই থেকে আবার উৎপাদন শুরুর দাবি করেছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আর্থিক তথ্য প্রকাশ না করায় প্রতিষ্ঠানটির প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা রয়ে গেছে।

Facebook Comments Box

Posted ৭:৫৫ পিএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com