ব্রেকিং >>
ব্রেকিং >>

ফ্লোর প্রাইসের ক্ষত কাটেনি, বিদেশি বিনিয়োগে বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট

ফ্লোর প্রাইসের ক্ষত কাটেনি, বিদেশি বিনিয়োগে বড় ধাক্কা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে কমছে। নতুন করে বিনিয়োগ বাড়ানোর পরিবর্তে বাজারে থাকা পুঁজি তুলে নেওয়ার প্রবণতাই তাদের মধ্যে বেশি লক্ষ করা যাচ্ছে। গত প্রায় ৯ বছরে শেয়ার কেনার তুলনায় প্রায় দেড় গুণ বেশি বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এতে ২০১৮ সাল থেকে চলতি ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশের শেয়ারবাজার থেকে তাদের নিট পুঁজি প্রত্যাহারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, করোনা মহামারীর সময় শেয়ারের সর্বনিম্ন দর নির্ধারণ করে ফ্লোর প্রাইস আরোপের পর বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহারের প্রবণতা আরও জোরালো হয়। পরবর্তী সময়ে ফ্লোর প্রাইস ব্যবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করা হলেও বাংলাদেশের শেয়ারবাজারের প্রতি বিদেশিদের আস্থা আগের অবস্থায় ফেরেনি। বরং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা এবং দেশের রাজনৈতিক অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে। এর ফলে বাজার থেকে বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ার পাশাপাশি তাদের ধারাবাহিক বিক্রির চাপ দেশীয় বিনিয়োগকারীদের মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলছে।

Responsive Ad Banner

বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কোনো শেয়ারবাজারের জন্য শুধু লেনদেন বৃদ্ধির বিষয় নয়। তাদের উপস্থিতি ভালো মৌলভিত্তির কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি করে। একই সঙ্গে বাজারে তারল্য বাড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পায়। কিন্তু দীর্ঘদিন ধরে বিদেশি বিনিয়োগকারীরা নিট বিক্রেতা হিসেবে অবস্থান করায় বাজারের জন্য তা উদ্বেগজনক হয়ে উঠেছে। এ অবস্থায় নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বর্তমানে যারা বাজারে রয়েছেন, তাদের বিনিয়োগ ধরে রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রায় ৯ বছরে নিট বিক্রি ৯ হাজার ৯২১ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০১৮ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা মোট ৩১ হাজার ৫৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। একই সময়ে তাদের শেয়ার কেনার পরিমাণ ছিল ২১ হাজার ৬১৭ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ এ সময়ে কেনার চেয়ে ৯ হাজার ৯২১ কোটি ৬ লাখ টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন তারা। প্রায় নয় বছরের এই পরিসংখ্যান দেশের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে পুঁজি প্রত্যাহারের চিত্র তুলে ধরছে।

বিদেশি বিনিয়োগকারীদের এই বিক্রির পেছনে টাকার অবমূল্যায়ন ও ফ্লোর প্রাইস আরোপকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন। তাঁর মতে, ফ্লোর প্রাইসের কারণে বাজারের স্বাভাবিক লেনদেন ব্যবস্থায় বড় ধরনের বাধা তৈরি হয়েছিল। এ ব্যবস্থার ফলে বিদেশি বিনিয়োগকারীরা চাইলেও নিজেদের প্রয়োজন অনুযায়ী শেয়ার বিক্রি করতে পারেননি। দীর্ঘ সময় বিনিয়োগ আটকে থাকায় বাংলাদেশের শেয়ারবাজার সম্পর্কে তাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

তিনি মনে করেন, ভবিষ্যতে আবারও এ ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু হতে পারে—এমন আশঙ্কাও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে রয়ে গেছে। ফলে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলেও তাদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

বিনিয়োগ আকৃষ্ট করতে নানা উদ্যোগ

বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধের প্রক্রিয়া সহজ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তি বা ডিটিএ সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করতে হবে।

এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ ও অর্থ প্রত্যাবাসন সহজ করতে নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্টের (এনআইটিএ) নিয়মেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, শেয়ারবাজারে ফ্লোর প্রাইস ব্যবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিও হিসাব খোলার প্রক্রিয়া ডিজিটাল করা এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য বিশেষ অনবোর্ডিং পোর্টাল চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

টানা পাঁচ বছর নিট বিক্রেতা ছিলেন বিদেশিরা

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচ বছর বিদেশি বিনিয়োগকারীরা বড় অঙ্কের নিট বিক্রি করেছেন। এই পাঁচ বছরে তারা মোট ১৫ হাজার ৩৮৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কিনেছেন। বিপরীতে বিক্রি করেছেন ২৩ হাজার ৩৭৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। ফলে এ সময়ে তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৯৮৬ কোটি ৭৪ লাখ টাকা।

তবে ২০২৩ সালে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনে সাময়িক ইতিবাচক পরিবর্তন দেখা যায়। ওই বছর তারা ১ হাজার ১১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৫১ কোটি ৪৫ লাখ টাকার। এতে নিট বিক্রেতার পরিবর্তে নিট ক্রেতায় পরিণত হন তারা। ওই বছর বিদেশিদের নিট শেয়ার কেনার পরিমাণ ছিল ৬৪ কোটি ৪৮ লাখ টাকা।

কিন্তু এই ইতিবাচক ধারা বেশি দিন স্থায়ী হয়নি। ২০২৪ সালেই আবারও নিট বিক্রির ধারায় ফিরে যান বিদেশি বিনিয়োগকারীরা। ওই বছর ১ হাজার ৬৮৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৯৫৫ কোটি ৪৩ লাখ টাকার। ফলে বছরটিতে তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ২৭১ কোটি ৫৭ লাখ টাকা।

পরের বছর অর্থাৎ ২০২৫ সালেও একই প্রবণতা অব্যাহত ছিল। ওই বছর বিদেশিরা ১ হাজার ৮২৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার কিনলেও বিক্রি করেন ২ হাজার ৯৫ কোটি ৩৪ লাখ টাকার। এতে তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ২৭০ কোটি ২৭ লাখ টাকা।

চলতি বছর বিক্রির চাপ আরও বেড়েছে

চলতি ২০২৬ সালে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা আরও বেড়েছে। ডিএসইর পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ১০ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিদেশিরা ১ হাজার ৬০৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কিনেছেন। বিপরীতে বিক্রি করেছেন ৩ হাজার ৬১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।

এতে চলতি বছরের প্রথম ১০ মাসে তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ ২০২৪ ও ২০২৫ সালের সম্মিলিত নিট বিক্রির তুলনায় চলতি বছরের প্রথম ১০ মাসেই বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির পরিমাণ কয়েক গুণ বেশি হয়েছে। এতে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অনাগ্রহের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ফ্লোর প্রাইসের প্রভাব এখনো কাটেনি

প্রসঙ্গত, করোনা মহামারীর সময় শেয়ারবাজারের দরপতন ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ প্রথমবারের মতো ফ্লোর প্রাইস ব্যবস্থা চালু করে বিএসইসি। এ ব্যবস্থায় প্রতিটি শেয়ারের জন্য সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। ফলে নির্ধারিত দরের নিচে কোনো শেয়ার বিক্রি করা সম্ভব ছিল না। বাজারে ক্রেতা না থাকলেও বিক্রেতারা নির্ধারিত দরের নিচে শেয়ার ছাড়তে পারতেন না। এতে বিনিয়োগকারীদের স্বাভাবিকভাবে শেয়ার কেনাবেচার সুযোগ সীমিত হয়ে পড়ে।

পরবর্তী সময়ে ২০২১ সালের জুনে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির আশঙ্কায় ২০২২ সালের ২৮ জুলাই আবারও এ ব্যবস্থা চালু করা হয়।

এরপর কয়েক ধাপে বিভিন্ন কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ৮ জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার থেকে এ বিধিনিষেধ তুলে নেওয়ার মধ্য দিয়ে ফ্লোর প্রাইস ব্যবস্থার সম্পূর্ণ অবসান ঘটে।

তবে ফ্লোর প্রাইস প্রত্যাহার হলেও দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা পুরোপুরি দূর হয়নি। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এর পাশাপাশি চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিশেষ করে জ্বালানি খাতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

ফলে করোনা মহামারীর আগে থেকেই বাংলাদেশের শেয়ারবাজারকে ঘিরে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, দীর্ঘ সময় পার হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন যেভাবে হয়

উল্লেখ্য, বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত নিজ দেশের তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান বা ব্রোকারের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারে লেনদেন করে থাকেন। এ ক্ষেত্রে তারা সরাসরি বাংলাদেশের কোনো ব্রোকারেজ হাউজের সঙ্গে যোগাযোগ না করে নিজ দেশের ব্রোকারকে শেয়ার কেনাবেচার নির্দেশনা দেন।

পরবর্তী সময়ে ওই ব্রোকার বাংলাদেশের সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজের মাধ্যমে নির্দেশনাটি কার্যকর করে। অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার পুরো প্রক্রিয়া নিজ দেশের ব্রোকার এবং বাংলাদেশের ব্রোকারেজ প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়।

সব মিলিয়ে গত প্রায় নয় বছরে বিদেশি বিনিয়োগকারীদের প্রায় ১০ হাজার কোটি টাকার নিট পুঁজি প্রত্যাহার দেশের শেয়ারবাজারের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ফ্লোর প্রাইস প্রত্যাহার, লভ্যাংশ পরিশোধ সহজীকরণ এবং বিনিয়োগ ও অর্থ প্রত্যাবাসন প্রক্রিয়ায় পরিবর্তনের মতো উদ্যোগ নেওয়া হলেও বিদেশিদের বিনিয়োগ প্রবণতায় এখনো ইতিবাচক পরিবর্তন আসেনি। তাই নতুন বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাজারের স্বাভাবিক লেনদেন পরিবেশ, মুদ্রার স্থিতিশীলতা, রাজনৈতিক নিশ্চয়তা এবং নীতিগত ধারাবাহিকতা প্রতিষ্ঠা করাই এখন বড় চ্যালেঞ্জ।

Facebook Comments Box

Posted ৭:৪৩ পিএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com