নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে উত্থানের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না। একদিন যে পরিমাণ পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে, পরদিন তার চেয়ে বেশি পয়েন্ট হ্রাস পাচ্ছে। বাজার সংশ্লিষ্টদের মতে, বাজার মনিটরিংয়ে দুর্বলতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
তাদের ভাষ্য, প্রয়োজনীয় মনিটরিং না হওয়ায় দেশের শেয়ারবাজার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। বাজারে এখনো একটি চক্র সক্রিয় রয়েছে, যারা নিজেদের ইচ্ছেমতো বাজার পরিচালনা করে ফায়দা হাসিল করছে। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে বাজার স্বাভাবিক হবে না। নতুন কমিশনকে ঘিরে বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর রেকর্ড পরিমাণ সূচক ও লেনদেন বৃদ্ধি পেয়েছিল; তা অব্যাহত থাকলে বর্তমানে সূচক ৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে যেত। এতে বাজারে বিনিয়োগকারীর সংখ্যাও অনেক গুণ বৃদ্ধি পেত এবং বাজার স্থায়ীভাবে স্থিতিশীল হতো। কিন্তু বর্তমান কমিশনের দুর্বল মনিটরিংয়ের কারণে একটি অদৃশ্য শক্তি বাজারকে স্বাভাবিক ও স্থিতিশীল হতে দিচ্ছে না। ফলে বাজারে যে পরিমাণ অর্থ আসছে, তার চেয়ে বেশি বেরিয়ে যাচ্ছে। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমছে। তাই কমিশন পরিবর্তন করে যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন কমিশন গঠন করা প্রয়োজন।
এদিকে, আজ (২৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দর হ্রাস পেয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৭০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৩.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৬২ পয়েন্ট কমে ১ হাজার ৬৫.১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.২৭ পয়েন্ট কমে ২ হাজার ৯৬.১৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৫৩টির দর বেড়েছে, ২৭৬টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৫৮ কোটি ১৮ লাখ টাকা।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১২০টির দর কমেছে এবং ২৩টির দর পরিবর্তন হয়নি।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.৭৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৯৬.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ৯৬.৮৯ পয়েন্ট বেড়েছিল।
Posted ৩:০৬ পিএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.