ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিভিডেন্ড পরিশোধে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বড় ছাড় বিএসইসির

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড পরিশোধে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বড় ছাড় বিএসইসির
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধে বিলম্বের ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য বিধিবিধান শিথিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার সনদ (ডাবল ট্যাক্সেশন অ্যাভয়ডেন্স বা ডিটিএ সনদ) সংগ্রহে প্রক্রিয়াগত জটিলতার কারণে নির্ধারিত সময়ে ডিভিডেন্ড পরিশোধ করা সম্ভব না হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হবে না। বিএসইসির নতুন সংশোধিত নির্দেশনায় এ ছাড় দেওয়া হয়েছে।

সংশোধিত নির্দেশনা অনুসারে, এনবিআর থেকে প্রয়োজনীয় ডিটিএ সনদ হাতে পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড পরিশোধ করতে হবে। তবে সনদ সংগ্রহের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়াগত জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হলে তা নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে না।

Responsive Ad Banner

এ উদ্দেশ্যে ২০২১ ও ২০২৪ সালে জারি করা বিএসইসির দুটি বিদ্যমান নির্দেশনায় সংশোধনী আনা হয়েছে। নতুন সংশোধিত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত কমিশনের একটি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এনবিআর থেকে কর অব্যাহতি কিংবা দ্বৈত কর পরিহারসংক্রান্ত সনদ সংগ্রহ করতে গিয়ে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার মুখে পড়ছিল তালিকাভুক্ত কোম্পানিগুলো। এ কারণে বিদেশি বিনিয়োগকারীদের নির্ধারিত সময়ে ডিভিডেন্ড পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। কোম্পানিগুলোর এসব বাস্তব সমস্যা ও জটিলতা বিবেচনায় নিয়ে বিধিবিধান শিথিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নতুন নির্দেশনায় ডিভিডেন্ড বিতরণ শেষে প্রতিবেদন দাখিলের সময়সীমাও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নিয়মিত ডিভিডেন্ড বিতরণ কার্যক্রম শেষ হওয়ার সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিকে বিএসইসি এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে প্রাথমিক পরিপালন প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি প্রতিবেদনটি কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে।

অন্যদিকে, বিদেশি শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে কমিশন ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে পৃথক প্রতিবেদন জমা দিতে হবে।

বিএসইসির নতুন নির্দেশনার ফলে ডিটিএ সনদ সংগ্রহের বৈধ প্রক্রিয়াগত জটিলতার কারণে বিদেশি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড পরিশোধে বিলম্ব হলে সেটিকে আর সরাসরি বিধিবিধান লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে না। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধের ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রশাসনিক জটিলতা ও নিয়ন্ত্রক ঝুঁকি কমবে।

Facebook Comments Box

Posted ৬:৩৫ পিএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com