নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা এবং ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডের (আইপিএফ) আওতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান মশিহর সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রথম দিনেই ১২২ জন বিনিয়োগকারীর মধ্যে মোট ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চেক বিতরণ কার্যক্রমের প্রথম দিনে বিনিয়োগকারীদের মধ্যে এসব চেক সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হস্তান্তর করা হয়। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত কোনো বিরতি ছাড়াই চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
বিনিয়োগকারীদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সুশৃঙ্খলভাবে অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে নির্ধারিত সময়সূচি অনুসরণ করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী দিনগুলোতেও প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত একই সময়সূচিতে চেক বিতরণ অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের নির্ধারিত তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ ফেরতের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির ভিত্তিতে পর্যায়ক্রমে এ অর্থ পরিশোধ করা হচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, তাদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়া এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চেক গ্রহণের পর মশিহর সিকিউরিটিজের একজন বিনিয়োগকারী বলেন, ২০২৪ সালে মশিহর সিকিউরিটিজ বন্ধ হয়ে যাওয়ার পর তার বিনিয়োগের একটি বড় অংশ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। পরে ডিএসইর নিয়ম অনুযায়ী তিনি অর্থ ফেরতের জন্য আবেদন করেন। যাচাই শেষে আজ তার প্রাপ্য অর্থের সম্পূর্ণ চেক হাতে পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও স্বস্তি অনুভব করছেন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এ উদ্যোগ নেওয়ার জন্য তিনি বিএসইসি, ডিএসই এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অপর এক বিনিয়োগকারী বলেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএসইর আন্তরিকতা, সহমর্মিতা ও সহযোগিতার কারণে তিনি আজ তার পাওনা অর্থের চেক হাতে পেয়েছেন। দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েনের মধ্যে এই অর্থ ফেরত পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিএসইসি ও ডিএসইকে ধন্যবাদ জানান।
ডিএসই জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একই আইনের আওতায় পর্যায়ক্রমে বাঙ্কো সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির অর্থও পরিশোধ করা হবে।
এর মাধ্যমে যাচাইকৃত দাবির বিপরীতে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।
Posted ৮:২০ পিএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.